Home » Arsenal and Liverpool: লিগ কাপে বড় জয় লিভারপুল ও আর্সেনালের

Arsenal and Liverpool: লিগ কাপে বড় জয় লিভারপুল ও আর্সেনালের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ সেপ্টেম্বর: বড় জয় দিয়ে লিগ কাপ অভিযান শুরু করল ইংল্যান্ডের দুই বড় ক্লাব লিভারপুল ও আর্সেনাল। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। অল রেডসদের হয়ে জোড়া গোল করেন জোটা ও গাকপো। অন্য একটি ম্যাচে একই ব্যবধানে জয় পেয়েছে আর্সেনালও। ঘরের মাঠে বোল্টনকে হারিয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল। 

লিগ কাপে ইংল্যান্ডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনের ক্লাব অংশ নেয়। প্রিমিয়ার লিগ বা প্রথম ডিভিশনের ক্লবগুলি নিজেদের রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নেয় এই প্রতিযোগিতায়। শেষ পর্বে শক্তিশালী দল নামায় তারা। যদিও বুধবার রাতে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে লিভারপুল। অ্যানফিল্ডে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেন আর্নে স্লটের ছেলেরা। যদিও ২১ মিনিটের মাথায় এক ডিফেন্ডারের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিলেন তারা। চার মিনিটের মধ্যে সেই গোল শোধ করে দেন দিয়েগো জোটা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে সালাহদের আক্রমণের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি হ্যামাররা। ৪৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন প্রথম গোলদাতা জোটা। ৭৪ মিনিটে ব্যবধান ৩-১ করেন মহম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধের অন্তিম লগ্নে জোড়া গোল করেন ডাচ ফরোয়ার্ড কোডি গ্যাকপো। শেষ পর্যন্ত ৫-১ গোলে জিতে মাঠ ছাড়ে লিভারপুল।

আরও পড়ুন: Raphael Varane: ফুটবলকে বিদায় জানালেন প্রাক্তন রিয়েল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা

অন্যদিকে, লিভারপুল প্রথম দলের একাধিক ফুটবলারকে খেলালেও সেই পথে হাঁটেননি আর্সেনাল কোচ আর্তেতা। প্রথম দলের সঙ্গে অনেক যুব দলের ফুটবলারকে তিনি দলে রাখেন। ইথান নোয়ানেরি, জ্যাক পর্টাররা শুধু সুযোগ পেলেন তাই নয় নিজেদের যোগ্যতা প্রমাণ করলেন। ডেভিড রায়ার বদলে গোলে শুরু করেন পর্টার। তিনি গোটা ম্যাচে দলকে নির্ভরতা দিলেন। দুরন্ত ফুটবল খেললেন ইথানও। ম্যাচের ৩৭ ও ৪৯ মিনিটের মাথায় জোড়া গোল এল ১৭ বছরের ফুটবলারটির পা থেকে। ১৬ মিনিটের মাথায় ডেক্লান রাইসের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। প্রথমার্ধে ইথান সেই ব্যবধান ২-০ করেন। দ্বিতীয়ার্ধের প্রথম গোলটিও আসে তাঁর পা থেকেই। দলের হয়ে শেষ দুটি গোল করেন রহিম স্টার্লিং ও কাই হ্যাভার্টজ। সব মিলিয়ে বড় জয় ও অনেকটা আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ল গানার্সরা।

About Post Author