Home » পূর্ণ জৌলুসেই হবে দুর্গাপুজোর ‘কার্নিভাল’, সেরা পুজোগুলির হাতে ‘শারদ সম্মান’ তুলে দেবে রাজ্য সরকার

পূর্ণ জৌলুসেই হবে দুর্গাপুজোর ‘কার্নিভাল’, সেরা পুজোগুলির হাতে ‘শারদ সম্মান’ তুলে দেবে রাজ্য সরকার

সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বর: প্রতি বছরের মত এবারেও রেড রোডে দুর্গা পুজোর ‘কার্নিভাল’ আয়োজনের ঘোষণা করল রাজ্য সরকার। হবে ‘শারদ সম্মান’ অনুষ্ঠানও। বুধবার সাংবাদিক বৈঠক করে তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং দফতরের সচিব শান্তনু বসু জানিয়েছেন, ১৫ অক্টোবর রেড রোডে কার্নিভালের আয়োজন করবে রাজ্য সরকার। পাশাপাশি কলকাতা ও তার সংলগ্ন এলাকা, রাজ্যের বিভিন্ন জেলার পুজো  এবং বিদেশের পুজোগুলির মধ্যে প্রতিটি ক্ষেত্রেই সেরা পুজোগুলিকে বেছে নেওয়া হবে। তাঁদের হাতে তুলে দেওয়া হবে ২০২৪ ‘শারদ সম্মান’ পুরস্কার। 

আরও পড়ুন: মিলছে না মর্গ কর্মীর বয়ান, ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্বকে নিয়ে বাড়ছে সন্দেহ

আর জি কর কাণ্ডের আবহে এবছর পুজো বন্ধ রাখার রব উঠেছিল শহর জুড়ে। যদিও সেই রব পরে থেমে গিয়েছে। ইতিমধ্যে রাজ্যবাসীকে আন্দোলন ছেড়ে উৎসবে ফেরার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান এই বছর ১৫,০০০ টাকা বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও একাধিক পুজো কমিটিকে সেই অনুদান প্রত্যাখ্যান করতে দেখা গিয়েছে। এই নিয়ে ইন্দ্রনীল এ দিন বলেছেন, “১৫-১৬টি ক্লাব টাকা নেবে না জানিয়েছে। সম্ভবত তাঁদের বাজেট অনেক বেশি। তাদেরকে ধন্যবাদ। তাঁরা না নেওয়ায় সেই টাকা আমরা অনেক ছোট ক্লাবগুলিকে দিতে পেরেছি।” অন্যদিকে সাধারণ মানুষ যাঁরা এই উৎসবকে কেন্দ্র করে গোটা বছরের রুজি-রুটির ব্যবস্থা কিছুটা পাকা করে নেন, তাঁদের দোহাই দিয়ে উৎসবে ফেরার কথা বারবার বলতে শোনা গিয়েছে একাধিক তৃণমুল নেতাদের। কার্যত কার্নিভাল যে সরকার করবেই এবং তাতে জৌলুসের কোনও ঘাটতি থাকবে না তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। কার্নিভালের জন্য এবছর আনুমানিক ১৫ লক্ষ টাকা খরচ করবে সরকার। রাজ্যের তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রীর কথায়, “বিশ্বের প্রথম তিনটে রোড কার্নিভালের মধ্যে রেড রোড কার্নিভালও রয়েছে।পর্যটকদের কাছে এটা অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান হয়ে উঠেছে, তাই কার্নিভাল বন্ধ করার প্রশ্নই ওঠে না।”

আরও পড়ুন: মমতার মুশকিল আসান অস্তাচলে

কার্নিভাল ঘোষণার সঙ্গে শুরু হয়ে গিয়েছে ‘শারদ সম্মান’ পাওয়ার ফর্ম ভর্তির প্রক্রিয়া। ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’এর ওয়েবসাইটে সেই ফর্ম রেজিস্ট্রেশন করাতে হচ্ছে।  রাজ্যের ৩৪৪টি ব্লকের পুজোকে নিয়েই এই শারদ সম্মান প্রদান করা হয়। গত বছর এই সম্মান পেতে শুধু কলকাতা ও সংলগ্ন কিছু এলাকা থেকেই প্রায় ১২৫০ আবেদন জমা পড়েছিল। এবছর গোটা রাজ্যের পুজো কমিটিগুলোকে ওই ফর্ম ভর্তির আহ্বান জানিয়েছেন ইন্দ্রনীল। ষষ্ঠীর দিন সকালে ফলাফল জানানো হবে। 

About Post Author