সময় কলকাতা ডেস্ক, ২৬ অক্টোবরঃ রাজ্যর মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে স্যোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট! তাও আবার সিপিআইএমের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির ফেসবুক পেজ থেকে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে শাসক-বিরোধী বাকযুদ্ধ। বাম নেত্রীকে কটাক্ষে বিঁধলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাল্টা পোস্টের সত্যতা ফাঁস করলেন মীনাক্ষী।

সদ্য বঙ্গের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। তা সামলাতে নবান্ন, কলকাতা পুরসভা, বিদ্যুৎ ভবনে রাতভর জেগে ছিলেন প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা। একদিকে যেমন নবান্নে মুখ্যমন্ত্রী সারারাত জাগেন, তেমন পুরসভাতেও জেগে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু পরদিন তাঁকে নিয়ে কুরুচিকর পোস্ট করার অভিযোগ উঠল বামনেত্রী মীনাক্ষী মুখোয়াপাধ্যায়ের বিরুদ্ধে।
মাইক্রোব্লগিং সাইট ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের সূত্রপাত। মীনাক্ষী মুখার্জি নামের একটি প্রোফাইল থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের একটি বিকৃত করা ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ফেজ টুপি পরা মেয়রের হাতে সুরার বোতল। ছবির নিচে লেখা – ‘৯০ এমএল ঝড় হয়ে গেল! তারপরেই সিপিআইএম দল এবং তাদের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি করেছেন তিনি। ফেসবুকে সেই পোস্ট শেয়ার করে কুণাল লিখেছেন, “ছিঃ মীনাক্ষী। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তার ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য। এই পোস্ট অবিলম্বে ডিলিট করে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতিতে পেরে না উঠলেই এমন বিকৃতি আসে। এই প্ররোচনামূলকভাবে কোনো ধর্মকে অপমান করা ঘোরতর অন্যায়। তবে, সিপিএম তো, এরকমই মানসিকতা স্বাভাবিক।”
যদিও তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগের জবাব দিয়েছেন মীনাক্ষী। নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। সেখানে তাঁর দু’টি আসল সমাজমাধ্যম অ্যাকাউন্টের ডিটেলস লিঙ্ক দেন। তিনি বোঝাতে চেয়েছেন এই দুটি প্রোফাইল ছাড়া অন্য কোনও তাঁর নামধারী অ্যাকাউন্টের সঙ্গে তাঁর ও তাঁর দলের যোগসাজস নেই। পোস্টে বামনেত্রী লেখেন, এ ছাড়া তাঁর আর কোনও ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট নেই।
এই ঘটনায় দলের নেত্রীর পাশে দাঁড়িয়েছে বামনেতৃত্ব। বিধানসভায় বামেদের জোটসঙ্গী আইএসএফও ঘটনায় মীনাক্ষীর পাশে দাঁড়িয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ফেসবুক পোস্টে মীনাক্ষীকে দ্রুত আইনের দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে নওশাদের বলেন, মুসলিম সম্প্রদায়ের সহানুভূতির গোড়ায় সুড়সুড়ি দিয়ে লাভ নেই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক