সময় কলকাতা ডেস্ক, ২৬ অক্টোবর: ঝড় না এলেও গোটা দিন বৃষ্টির জেরে জলমঙ্গ কলকাতার একাধিক এলাকা। সেই জমা জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ভবানীপুরের ২৫ বছরের যুবক। ঘটনা কেন্দ্র করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি ঘটেছে জাস্টিস দ্বারকানাথ রোডে। সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ ইতিমধ্যেই জেনেছে, শুক্রবার বিকেলে একটি বাড়ির রেলিং থেকে বিদ্যুৎবাহী তার ঝুলছিল। টানা বৃষ্টির জেরে ওই বাড়ির সামনেই রাস্তায় জলও জমে ছিল। সেই জলেই গিয়ে পড়ে বিদ্যুৎবাহী তারটি। কার্যত জলের ওপর দিয়ে যুবক হেঁটে যেতে গেলে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সৌরভপ্রসাদ গুপ্ত। তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: আধ্যাত্মিকতা আর স্থাপত্যের আশ্চর্য মেলবন্ধনের ভাবনা ধূপগুড়ির এসটিএস ক্লাবের কালীপুজোয়
জানা গিয়েছে মৃত যুবক সৌরভ আসলে বিহারের বাসিন্দা। এখন তাঁরা কলকাতায় থাকেন। পেশায় পারিবারিক ভাবে তাঁরা ব্যবসায়ী। ভবানীপুরে তাঁদের একটি ভুজিয়ার দোকান রয়েছে। বাবার সঙ্গে সেই দোকান চালাতেন সৌরভ। শুক্রবার বিকেলে জাস্টিস দ্বারকানাথ রোডের ওপর দিয়ে দোকানে যাওয়া পথেই জল পেরিয়ে যেতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলে পরে কাতরাচ্ছিলেন যুবক। তাঁকে ওই অবস্থায় দেখেই বাঁশ দিয়ে বিদ্যুৎবাহী তারের থেকে আলাদা করা হয়। এরপর দ্রুত শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ফের শুটআউট রাজ্যে, গুলিতে ঝাঁঝরা বীরভূমে যুবকের দেহ
ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মৃতের পরিবার। যুবকের মৃত্যুতে স্থানীয় মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বক্সীর বক্তব্য, “‘দানা’ আসছে জেনেই আমরা গোটা এলাকার বিদ্যুৎ সরবরাহ জনিত ঘুটিনাটি সব খতিয়ে দেখে রেখেছিলাম। সরকারি কাজে কোনও ত্রুটি ছিল না। তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে, সেখানে পুরসভার কোনও বিদ্যুতের খুঁটিই নেই। একটি বাড়ির মিটার বক্স থেকে অবৈধ ভাবে সংযোগ টেনে আলো জ্বালানোর চেষ্টা করা হয়েছিল। সেই তারই এসে পড়েছে জলে। যার থেকে মৃত্যু হয়েছে ওই যুবকের। বিষয়টির তদন্ত করছে পুলিশ।’’ সূত্রের খবর, বিদ্যুৎ পরিবাহী সংস্থা সিইএসসির তরফে যে বাড়িটির তার জলে পড়েছিল তার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে। ওই বাড়িটি বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ নিচ্ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়