স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ নভেম্বরঃ চ্যাম্পিয়ন্স লিগে ছুটছে লিভারপুলের বিজয়রথ। বুধবার রাতে তারা ২-০ গোলে হারিয়ে দিল ট্রফি জয়ের অন্যতম দাবিদার রিয়াল মাদ্রিদকে। দলের হয়ে গোল করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোডি গাকপো। এই জয়ের ফলে প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচে জয় পেল অল রেডসরা।

বুধবার রাতে একাধিক খণ্ড খণ্ড ঘটনার সাক্ষী থাকল অ্যানফিল্ড। একে অপরকে টেক্কা দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেন দুই দলের ফুটবলাররা। ম্যাচের প্রথম সুযোগ চলে এসেছিল লিভারপুলের কাছে। সালাহর সঙ্গে পাস খেলে বক্সে ঢুকে পড়েছিলেন ডারউইন নুনেজ। তারপর গোল লক্ষ্য করে শটও নেন। কিন্তু সতর্ক ছিলেন রিয়ালের গোলরক্ষক থিবু কুর্তোয়া। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই সফরকারী দলকে বড় ঝটকা দেয় আয়োজকরা। গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ম্যাক অ্যালিস্টার। ব্র্যাডলির সঙ্গে পাস খেলে বক্সে ঢুকে পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। তারপর মাটি ঘেঁষা শটে পরাস্ত করেন রিয়ালের গোলরক্ষককে। ৫৯ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল রিয়াল। বক্সের মধ্যে ভাসকুয়েজকে ফাউল করেন রবার্টসন। রেফারি রিয়ালের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু স্পট থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। বাঁ দিকে ঝাঁপ দিয়ে তাঁর শট বাঁচিয়ে দেন কেলহার।
আরও পড়ুনঃ IPL 2024-25: আইপিএলে দল না পাওয়া সেরা একাদশ, কারা রয়েছেন তালিকায়?
আরও পড়ুনঃ Syed Mushtaq Ali Trophy: জয়ের হ্যাটট্রিক! অভিষেকের ব্যাটে মিজোরাম বধ বাংলার
৭০ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায় লিভারপুল। বক্সের মধ্যে সালাহ-কে ফাউল করেন মেন্ডি। এ বার পেনাল্টি পায় আয়োজকরা। কিন্তু মিশরের তারকা ফুটবলারের শট পোস্টের পাস থেকে বেরিয়ে যায়। যদিও ৭৬ মিনিটে ইনসুরেন্স গোলটি পেয়ে যায় লিভারপুল। গোল করে দলের জয় নিশ্চিত করেন কোডি গ্যাকপো। পাঁচ ম্যাচ টানা জেতায় ১৫ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। পাশাপাশি প্রথম দল হিসেবে নকআউটে নিজেদের জায়গা পাকা করে ফেলল আর্নে স্লটের শিষ্যরা। অন্যদিকে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে ২৪ নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। এ বারের নিয়ম অনুযায়ী প্রথম আট দল সরাসরি পৌঁছে যাবে নকআউটে। পরের ষোলোটি দলকে নিজেদের মধ্যে খেলতে হবে। তারপর প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে হবে তাদের। শেষ বারোটি দল ছিটকে যাবে প্রতিযোগিতা থেকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার