Home » Premier League: পামারের জোড়া গোল, রুদ্ধশ্বাস ম্যাচে লণ্ডন ডার্বি জয় চেলসির, ড্র আর্সেনালের

Premier League: পামারের জোড়া গোল, রুদ্ধশ্বাস ম্যাচে লণ্ডন ডার্বি জয় চেলসির, ড্র আর্সেনালের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ ডিসেম্বরঃ প্রিমিয়ার লিগে লণ্ডনের দুই দলের মধ্যে সেয়ানে -সেয়ানে লড়াই। শেষ পর্যন্ত উত্তর লণ্ডনের টটেনহ্যামকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল পশ্চিম লণ্ডনের দল চেলসি। নির্ধারিত ৯০ মিনিটের শেষে খেলার ফল ৪-৩। দ্যা ব্লুজদের হয়ে জোড়া গোল করেন কোল পামার। একটি করে গোল করেছেন জেডন স্যাঞ্চো ও এনজো ফার্নান্ডেজ। উল্টোদিকে টটেনহ্যামের হয়ে গোল পেয়েছেন ডমিনিক সোলাঙ্কে, ডেজান কুলুসেভস্কি ও সন হিউং মিন।  

খেলা শুরুর ৫ মিনিটের মধ্যেই গোলের দেখা পেয়ে যায় টটেনহ্যাম। সৌজন্যে ডমিনিক সোলাঙ্কে। প্রথম গোলের ছ’মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে টটেনহ্যাম। পেদ্রো পোরোর পাস থেকে বল পেয়ে চেলসির জালে বল জড়ান কুলুসেভস্কি। ১৭ মিনিটে একটি গোলের ব্যবধান কমান জেডন স্যাঞ্চো। ১-২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় এনজো মারেস্কার দল। ৬১ মিনিটের মাথায় চেলসিকে সমতায় ফেরান কোল পামার। পেনাল্টি থেকে গোল করেন তিনি। ৭৩ মিনিটে চেলসিকে এগিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। ৮৪ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে চেলসিকে ৪-২ গোলে এগিয়ে দেন পামার। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে টটেনহ্যামের হয়ে সন একটি গোল শোধ করলেও শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতে মাঠ ছাড়ে চেলসি।

আরও পড়ুনঃ IND vs AUS: হল না অ্যাডিলেডের শাপমোচন! ফের হার ভারতের, সিরিজে সমতা ফেরাল অজিরা

আরও পড়ুনঃ  Border Gavaskar Trophy: অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতের, কামিন্সদের কাছে সিরিজে সমতায় ফেরানো সময়ের অপেক্ষা

আরও পড়ুনঃ Mohammedan Sporting Club: পঞ্জাবের বিরুদ্ধে হেরে দলের রোগ ধরলেন চের্নিশভ, কোথায় সমস্যা মহামেডানের?

এই জয়ের ফলে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল পশ্চিম লণ্ডনের দল। তাদের পয়েন্ট ১৫ ম্যাচে ৩১। পিছনে ফেলে দিল আর্সেনালকে। রবিবার লিগের অন্য ম্যাচে ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে তিন নম্বরে নেমে গিয়েছে আর্সেনাল। ১১ মিনিটে ফুলহ্যামের রাউল জিমিনেজের গোলে পিছিয়ে পড়েন মিকেল আর্তেতারা। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে দেন উইলিয়াম সালিবা। লিগে নিজেদের শেষ ম্যাচে ইউনাইটেডের বিরুদ্ধেও গোল করেছিলেন। এই ম্যাচেও গোল করে দলকে হারের হাত থেকে বাঁচালেন। ১৫ ম্যাচে গানার্সদের পয়েন্ট ২৯।

About Post Author