Home » মাসিক ২ লক্ষ খোরপোশের চাপ, যার জেরেই আত্মঘাতী যুবক! বেঙ্গালুরুতে গ্রেফতার অতুলের স্ত্রী

মাসিক ২ লক্ষ খোরপোশের চাপ, যার জেরেই আত্মঘাতী যুবক! বেঙ্গালুরুতে গ্রেফতার অতুলের স্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর: বেঙ্গালুরুতে গ্রেফতার অতুলের সুভাষের স্ত্রী। একই সঙ্গে পুলিশের জেরার মুখে যুবতীর মা ও ভাই। আত্মঘাতী অতুলের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, নিকিতা সিংহানিয়ার দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়েই নিজেকে শেষ করে দেন অতুল। এই নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। শেষ কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে মহিলার বিরুদ্ধে। নেটিজেনরা দাবি জানিয়েছেন তাঁকে গ্রেফতার করে যোগ্য শাস্তি দেওয়া হোক। এবার নিকিতাকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর মা নিশা সিংহানিয়া ও ভাই অনুরাগ সিংহানিয়াকেও আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাঁরা উত্তরপ্রদেশের জৈনপুরের বাড়িতে পালিয়ে গিয়েছিলেন। সেখান থেকে তাঁদের তুলে এনেছে পুলিশ।

আরও পড়ুনঃ মায়ের সামনেই জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল ছয় বাচ্চাকে! মৃত এক, বাকিদের অবস্থা আশংকাজনক

বেঙ্গালুরুর একটি আবাসন থেকে গত সোমবার ভোরে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত যুবক অতুলের দেহ উদ্ধার হয়। সঙ্গে উদ্ধার হয় ২৪ পাতার একটি সুইসাইড নোট। যার প্রতি ছত্রে লেখা ছিল স্ত্রী নিকিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মৃত্যুর আগে ৮০ মিনিটের একটি ভিডিও রেকর্ডও করে যান অতুল। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘বিচার না মেলা পর্যন্ত তোমরা যেন আমার অস্থি বিসর্জন কোরো না!’

আরও পড়ুনঃ Firhad Hakim: “আমরা একদিন সংখ্যাগুরু হব…….” কলকাতার মেয়র ফিরহাদের বক্তব্যে বিতর্ক

দাবি, স্ত্রী এবং শ্বশুরবাড়ির অন্যরা অতুলের বিরুদ্ধে একাধিক ‘মিথ্যে’ অভিযোগ করেছিলেন। এরপর পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলার রায় যুবকের বিপক্ষেই গিয়েছিল। নিজের ছেলেকে একবার চোখের দেখা দেখতেও পয়সা চাওয়া হয়েছিল মৃতের কাছে। মনে করা হচ্ছে, সেই চাপের মুখেই আত্মহননের পথ বেছে নেন যুবক। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা দেশে বিতর্ক শুরু হয়েছে ৪৯৮এ ধারার অপব্যবহার এবং খোরপোশের অধিকার নিয়ে। জানা গিয়েছে, যদিও অতুলের স্ত্রী বড় চাকরি করেন, তবুও মামলার জেরে প্রতি মাসে ৪০ হাজার টাকা খোরপোশ দিতে হত। অতুলের দাবি ছিল, নিকিতা মাসে ২ লক্ষ টাকা খোরপোশ চেয়েছিলেন তাঁর ও তাঁদের চার বছরের পুত্রের জন্য। ২০২০ সাল থেকেই এই নিয়ে তিনি ও তাঁর মা-ভাই লাগাতার চাপ দিয়ে আসছিলেন বলেই সুইসাইড নোটে অভিযোগ করেছিলেন অতুল।

About Post Author