সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২০ ডিসেম্বর: গত ছয় ম্যাচে অপরাজিত এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগানদের লড়াই মোটেই সহজ হবে না। ভারতীয় ফুটবলে গোয়া ও বাংলার প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস বেশ পুরানো। যদিও মুখোমুখি লড়াইয়ের হিসাব করলে এখনও পর্যন্ত সবুজ মেরুনই এগিয়ে। আইএসএলে গোয়া বনাম মোহনবাগানের আটটি ম্যাচে পাঁচটি জয় কলকাতার এই প্রধানের নামে। কিন্তু যতবারই এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামে সবুজ-মেরুন বাহিনী। তাদের সমর্থকদের হৃদযন্ত্রে যে বাড়তি গতি চলে আসে তা অস্বীকার করা যায় না। সেই গতি আজ আরও বাড়তে পারে সন্ধে ৭টা বাজলেই। চলতি আইএসএলে প্রথমবার মুখোমুখি হতে চলেছে দুই দল। খেলা গোয়ায় ঘরের মাঠে। কার্যত গত আইএসএলে হাতের শোধ তুলতে মুখিয়ে আছে গোয়া এফসি। অন্যদিকে বাগান শিবিরে জয়ের স্রোত বহাল রাখতে মরিয়া হোসে মলিনার ছেলেরা।
চলতি বছরেই গত ১৪ ফেব্রয়ারি শেষবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার এক গোলে এগিয়ে থেকেই জয়লাভ করেছিল সবুজ মেরুন। তবে এবারের আইএসএলে গোয়াকে হারানো সহজ হবে বলে মনে করছেন না ফুটবল বোদ্ধারা। চলতি আইএসএলে মুম্বই সিটি এফসি-র কাছে হারের পর থেকে গত ছ’টি ম্যাচে অপরাজিত এফসি গোয়া। আরমান্দো সাদিকু, বোরহা হেরেরা, সন্দেশ ঝিঙ্গনদের ভাল ফুটবলের সৌজন্যে গোয়া এখন লিগ টেবলের চার নম্বরে। ১১ ম্যাচে তাঁদের পয়েন্ট সংখ্যা ১৯ । তবে এবার গোয়ার মোকাবিলা টেবিল টপারের সঙ্গে। শীর্ষস্থান দখল করে থাকা মোহনবাগান এখনও পর্যন্ত এই আইএসএলে একটিমাত্র ম্যাচ হেরেছে। তাঁরাও খেলেছে মোট ১১ টি ম্যাচ, বাগানদের পয়েন্ট সংখ্যা ২৬। যদিও শীর্ষে থেকেও গত ম্যাচে দলের পারফরমেন্স অস্বস্তি প্রকাশ করেছিলেন খোদ কোচ মোলিনা।
কেরালার বিরুদ্ধে যুবভারটিতে শেষ মুহূর্তে জয় পেয়েছিল সবুজ-মেরুন। তবে গোটা ম্যাচে ছেলেদের চেনা ছন্দে খুঁজে পাননি মোলিনা। তবে আত্মবিস্বাসে কোনও খামতি হবে না, তাও স্পষ্ট জানিয়ে দিলেন কোচ। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ নিয়ে প্রশ্ন করতেই তাঁর জবাব, “সমর্থকরা চায় প্রতি ম্যাচেই আমাদের থেকে ভাল ফুটবল দেখতে, জয় পেতে। আমরাও সেই লক্ষ্য নিয়েই দলে যোগদান করেছি। প্রতি ম্যাচ জিততে আমাদের রক্ষণ, আক্রমণ- সব জায়গাতেই ভাল খেলতে হবে। দলের মধ্যে ভাল বোঝাপড়া গড়ে তুলতে হবে। গোল করার জন্য ভাল শট নিতে হবে। যথাসাধ্য চেষ্টা করে গোল আটকানোটাও খুবই গুরুত্বপূর্ণ।” হোসে মোলিনার দল এখন যে গতিতে দৌড়চ্ছে, তাতে ছোট ভুল-ভ্রান্তি হলেও যে কোনও প্রতিপক্ষই এখন তাদের বিরুদ্ধে মাঠে নামলে তটস্থ হয়ে থাকছে তা মিথ্যে নয়। কার্যত গোয়ার বিরুদ্ধে আজ কলকাতার এই প্রধান কতটা দাপট দেখাতে পারে সেদিকে চোখ থাকবে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার