Home » ১৫০ কোটির দেশে ডাক্তারের অভাব! মেডিক্যালে ভর্তি নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

১৫০ কোটির দেশে ডাক্তারের অভাব! মেডিক্যালে ভর্তি নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

সময় কলকাতা ডেস্ক, ২৩ ডিসেম্বর: প্রায় ১৫০ কোটির মানুষ বাস করেন ভারতে। সেই দেশে অভাব চিকিৎসকের! এই প্রসঙ্গে এবার কড়া নির্দেশ শোনাল সর্বোচ্চ আদালত। ডাক্তারের অভাব কেন হচ্ছে? এই প্রশ্ন তুলে আদালতের আদেশ, মেডিক্যাল কলেজে ভর্তির বিষয়ে সতর্কতা বাড়াতে হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মেডিক্যালে ভর্তির একটি আসনও ফাঁকা থাকা কাম্য নয়। ফাঁকা আসনগুলি পূরণে বিশেষ কাউন্সেলিংয়েরও নির্দেশ দিল শীর্ষ আদালত। তবে আসন ভর্তি করার মানে এই নয় যে মেধা তালিকায় উত্তীর্ণ না হলেও সেই পড়ুয়াকে আসন দেওয়া হবে। তালিকায় উত্তীর্ণ হওয়ার জন্য পর্যাপ্ত যোগ্যতা অর্জন করেই আসন পাবেন ডাক্তারি পড়ুয়ারা, সে কথাও মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন ভোটের আগে ফের বিপাকে কেজরি! ইডিকে আইনি প্রক্রিয়া বহাল রাখার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল

সোমবার, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দেয়, মেডিক্যাল কলেজে ডাক্তারির স্নাতক স্তরের কোর্সের যে আসনগুলি ফাঁকা রয়েছে, সেই আসনগুলি পূরণ করার জন্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে একটি বিশেষ কাউন্সেলিং গঠন করতে হবে। কারণ ডাক্তারি পড়ুয়াদের এই আসন অত্যন্ত মূল্যবান। আসনগুলি কখনই নষ্ট হওয়া উচিত নয়। ভারতের বড় দেশে ডাক্তারের অভাবের কথা বিবেচনা করেই একথা বলে দুই বিচারপতির বেঞ্চ। যাবতীয় প্রক্রিয়া আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয় আদালতের তরফে।

আরও পড়ুন বাংলার ধাঁচেই এগোবে কেজরিওয়াল? লক্ষীর ভান্ডারের পর এবার নতুন পন্থা দুয়ারে সরকার

ডাক্তারির পড়ুয়াদের প্রবেশিকা পরীক্ষার নাম হল ‘নিট’ (NEET)। এই পরীক্ষায় পাশ করেই মেডিক্যালে ভর্তির সুযোগ মেলে। এক্ষেত্রেও কোনও মেডিক্যাল কলেজ সরাসরি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না। পরীক্ষার্থীদের অপেক্ষমান মেধাতালিকা থেকেই মেডিক্যালের শূন্য আসনগুলিতে পড়ুয়াদের ভর্তি করানো হবে। এই বিষয়ে ব্যবস্থা নেবেন রাজ্য স্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিন পাশাপাশি যে সব মেডিক্যাল কলেজে অনাবাসী কোটায় আসন ফাঁকা রয়েছে, সেগুলিকেও সাধারণ বা জেনারেল ক্যাটেগরিতে বদলে ফেলারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

About Post Author