Home » নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতির উদাহরণ জয়শঙ্করের উপর হামলা! নিন্দায় বিদেশ মন্ত্রক

নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতির উদাহরণ জয়শঙ্করের উপর হামলা! নিন্দায় বিদেশ মন্ত্রক

সময় কলকাতা ডেস্ক:- লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলা চালালো নিষিদ্ধ খালিস্থানি জঙ্গিরা। বুধবার জয়শঙ্করের গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে এক ব্যক্তি। এমনকী ভারতের পতাকা ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তায় গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সরকারি বিবৃতিতে এই ঘটনায় চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায়ী করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তীব্র ধিক্কার জানিয়েছেন। এ বিষয়ে ব্রিটিশ সরকারকে সতর্ক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যেই হামলাকারীকে বিদেশমন্ত্রীর গাড়িরপাশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে ভারত বিরোধী স্লোগান দেওয়া একদল বিক্ষোভকারীকে সেখান থেকে সরিয়ে দেন নিরাপত্তা রক্ষীরা। কিন্তু ঘটনায় নিরাপত্তা রক্ষীদের তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন। তবে হামলার এই ঘটনার পরও অব্যাহত বিদেশমন্ত্রীর সফর। সূত্রের খবর, ৯ মার্চ পর্যন্ত ব্রিটেনে থাকবেন জয়শঙ্কর। সেই দেশের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যেই এই সফর। বুধবারই প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন এস জয়শঙ্কর।

বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে এক প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়েছিলেন জয় শংকর। চ্যাথাম হাউসে বিদেশমন্ত্রীর অনুষ্ঠান চলাকালীনই বাইরে ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন খালিস্তানপন্থীরা। বৈঠক শেষ করে বাইরে বেরোতেই জয়শঙ্করের গাড়ির দিকে ছুটে আসে এক খালিস্তানপন্থী। বিদেশমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েই তিনি ভারতের পতাকা ছিঁড়ে ফেলেন।

বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘আমরা ঘটনার ফুটেজ দেখেছি। তাতেই স্পষ্ট, নিরাপত্তায় ফাঁক ছিল। অতিসক্রিয়, চরমপন্থী, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এই ধরনের আচরণের আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা স্পষ্টতই স্বাধীনতার অপব্যবহারের নিদর্শন। আমরা আশা করি, ব্রিটেন সরকার কূটনৈতিক বিষয় মাথায় রেখে উপযুক্ত পদক্ষেপ করবে।’

About Post Author