Home » চাকরি হারিয়ে পাওয়াদারদের হেনস্থার মুখোমুখি, আত্মহত্যার চেষ্টা শিক্ষিকার

চাকরি হারিয়ে পাওয়াদারদের হেনস্থার মুখোমুখি, আত্মহত্যার চেষ্টা শিক্ষিকার

সময় কলকাতা ডেস্ক:- চাকরি যাওয়ার খবর সামনে আসার পরেই বৃহস্পতিবার বিকেল থেকে হাইস্কুলের শিক্ষিকার বাড়িতে চড়াও হতে থাকেন পাওনাদাররা। টাকা ফেরতের জন্য তাঁদের কাছে কিছুটা সময় চাইলেও জুটেছে অভব্য আচরণ, গালিগালাজ। এমনটাই অভিযোগ পরিবারের। ক্যানিংয়ের রায়বাঘিনী হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিংয়ের পরিবারের লোকজনের দাবি, এরপরই অপমান সহ্য করতে না পেরে বৃহস্পতিবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষিকা। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষিকাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি আপাতত সিসিইউতে ভর্তি। জানা গিয়েছে, পাড়ার সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে আরও কয়েকজনের থেকে টাকা ধার নিয়েছিলেন তিনি।

জানা গিয়েছে, রুমা একটি সুইসাইড নোটও লিখেছিলেন বলে জানা গিয়েছে। তাতে যে সব পাওনাদার তাঁকে মানসিক ভাবে হেনস্থা করেছিলেন তাঁদের নাম লেখেন রুমা। ইতিমধ্যেই খবর পেয়ে এই শিক্ষিকার পরিবারের সঙ্গে কথা বলেছে ক্যানিং থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রুমার হবু স্বামী অনিমেষ জানা জানিয়েছেন, ‘রুমা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিল ব্যক্তিগত কাজের জন্য। পাশাপাশি স্থানীয় কয়েকজনের থেকেও টাকা ধার নিয়েছিল। গতকাল ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল হওয়ায় ওর চাকরি চলে যায়। এই খবর সামনে আসার পরেই বাড়িতে কয়েকজন পাওনাদার এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। চাকরি হারানো এবং পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরেই বৃহস্পতিবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন রুমা।’

About Post Author