Home » সূর্য-সেলিমের আপত্তি উড়িয়ে ইয়েচুরির উত্তরসূরি হতে চলেছেন পলিটব্যুরো সদস্য এমএ বেবি

সূর্য-সেলিমের আপত্তি উড়িয়ে ইয়েচুরির উত্তরসূরি হতে চলেছেন পলিটব্যুরো সদস্য এমএ বেবি

সময় কলকাতা ডেস্ক:- প্রাধান্য পেল সেই কেরালা লবিই। সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হলেন পলিটব্যুরো সদস্য এমএ বেবি। রবিবার মাদুরাইয়ে সিপিআইএম পার্টি কংগ্রেসের শেষ দিনে দলের নয়া সাধারণ সম্পাদক হিসেবে এই বর্ষীয়ান নেতার নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। তবে এমএ বেবিকে এই পদে আনার বিরোধিতা করেছেন ১৬ সদস্যের পলিটব্যুরো কমিটির পাঁচ জন। সূত্রের খবর এই তালিকায় রয়েছেন বাংলার সূর্যকান্ত মিশ্র, নীলোৎপল বসু, মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম এবং অশোক ধাওয়ালে।

এদিন সিপিআইএমের পার্টি কংগ্রেসে পলিটব্যুরোর নয়া সদস্যদের নামও ঘোষণা করা হয়। বয়সের কারণে বাদ পড়েছেন অনেক শীর্ষ নেতাই। বাংলা থেকে বাদ পড়েছেন প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর জায়গায় পলিটব্যুরোতে জায়গা পাচ্ছেন শ্রীদীপ বন্দ্যোপাধ্যায়। এ বারও পলিটব্যুরোতে রইলেন প্রকাশ ও বৃন্দা কারাট। স্পেশাল কেস হিসেবে বয়সের কোঠা পেরিয়ে গেলেও থাকছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তবে কেরালা থেকে এ বার পলিটব্যুরোতে নতুন কোনও সদস্য আসছেন না। নতুন সদস্য হিসেবে পলিটব্যুরোতে স্থান পেয়েছেন রাজস্থানের নেতা মারিয়াম ধাওয়ালে।

সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হিসেবে দৌড়ে এগিয়ে থাকলেও ‘অল ইন্ডিয়া কিষাণ সভা’-র নেতা অশোক ধাওয়ালের শিকে ছিঁড়ল না শেষ পর্যন্ত। মহারাষ্ট্রের এই নেতা নির্বাচিত হলে দীর্ঘদিন বাদে সিপিআইএমের সাধারণ সম্পাদক পদে কোনও অ-দক্ষিণী নেতা বসতেন। তবে শেষ পর্যন্ত পলিটব্যুরো সদস্যদের মধ্যে এমএ বেবির দিকেই পাল্লা ভারী হলো। এই নিয়ে টানা তৃতীয়বার এই পদে বসছেন একজন মালয়ালি। সীতারামের আগে এই পদে ছিলেন প্রকাশ কারাট। তিনিও কেরালারই। যদিও সাধারণ সম্পাদক পদে বসার সময়ে তিনি দিল্লিতে দলের নেতৃত্বে ছিলেন।

About Post Author