Home » কুলগামে জঙ্গি-ডেরার হদিস, হাঁড়ি ভর্তি বিরিয়ানি ফেলেই চম্পট জঙ্গিদের

কুলগামে জঙ্গি-ডেরার হদিস, হাঁড়ি ভর্তি বিরিয়ানি ফেলেই চম্পট জঙ্গিদের

সময় কলকাতা ডেস্ক:- পহেলগামে ভয়ঙ্কর জঙ্গি হামলার পরপরই কুলগামে শুরু হয়েছিল সেনা-জঙ্গি গুলির লড়াই। বৃহস্পতিবারের এনকাউন্টারের পরে কুলগামের তাংমার্গ এলাকায় জঙ্গিদের আস্তানার খোঁজ পেল নিরাপত্তারক্ষীরা।

এনকাউন্টারের পরে নিরাপত্তা বাহিনী দেখে সেখানে চারিদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ওই আস্তনায় যা যা রয়েছে, তা দেখে চোখ কপালে তোলার জন্য যথেষ্ট। বিছানা, স্যুটকেস, জলের ব্যবস্থা থেকে শুরু করে বাসনপত্র। রয়েছে গ্যাস সিলিন্ডার। চিকেন বিরিয়ানি ভর্তি হাঁড়ি উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল ওই ডেরায়। ওই দিন কুলগামে ওই অভিযান করে সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী।

এই ঘটনা সামনে আসার পর থেকেই আরও একটি বিষয় নিয়ে উদ্বেগ শুরু হয়েছে। পাকিস্তানে থাকা লস্কর-ই-তৈবারের অঙ্গুলি হেলনে ভিন দেশের জঙ্গিরা কাশ্মীরে এসে সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে এটা যেমন ঠিক, তেমনই কাশ্মীরের কিছু যুবক এদের সঙ্গে ভিড়েছে, এমন খবরও মিলছে। পহেলগামের হামলায় মূলত পাকিস্তানের জঙ্গিরা থাকলেও, স্থানীয়দের কেউ কেউ জড়িত ছিল বলেও সন্দেহ রয়েছে। অন্যদিকে কুলগামে তাংমার্গ এলাকায় যেমন ঘাঁটির সন্ধান মিলেছে, তাতে মনে করা হচ্ছে স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ না থাকলে এই ঘাঁটি তৈরি সম্ভব নয়। পহেলগামের ঘটনার পরে এখন গোটা কাশ্মীরেই জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

About Post Author