Home » ভুয়ো ব্যবসায়ী পরিচয়ে ২৪ লাখের সোনা লুট!

ভুয়ো ব্যবসায়ী পরিচয়ে ২৪ লাখের সোনা লুট!

সময় কলকাতা ডেস্ক:- নিজেকে সোনার ব্যবসায়ী পরিচয় দিয়ে এক পাইকারি সোনার ব্যবসায়ীর থেকে ২৪ লক্ষ টাকার সোনা হাতিয়ে চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল। তবে শেষরক্ষা হয়নি। আপাতত শ্রীঘরে জয়জিৎ দে নামে সেই কীর্তিমান।

তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই ফুটেজ থেকেই একটি গাড়ির নম্বর জানতে পারেন তদন্তকারীরা। মালিকের খোঁজও মেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জয়জিৎ-এর সন্ধান পায় পুলিশ। মালিক জানান, দিন কয়েক আগে ওই গাড়ি ভাড়া নিয়েছিলেন অভিযুক্ত। তাঁর থেকেই জয়জিৎ-এর ঠিকানা নিয়ে শনিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, যে ২৫০ গ্রাম সোনা হাতিয়েছিলেন ধৃত, তার বাজারমূল্য প্রায় ২৪ লক্ষ টাকা। জয়জিৎকে আদালতে পেশ করা হলে ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠান বিচারক।

জানা গিয়েছে শ্যামপুকুর থানা এলাকার এক বাসিন্দা বেশ কিছু দিন ধরে মুচিপাড়ার পাইকারি ব্যবসায়ীর দোকানে যাতায়াত করছিলেন। ব্যবসায়ীকে জানিয়েছিলেন, তিনি গিরিশ পার্কে একটি সোনার দোকানের মালিক। সংশয়ের অবকাশ না রেখে এমন একটি দোকানের নাম বলেছিলেন, যেটি সত্যিই আছে। ফলে মুচিপাড়ার ব্যবসায়ীর সন্দেহ হয়নি। অভিযোগ, সম্প্রতি জয়জিৎ তাঁকে জানান, প্রচুর সোনার গয়নার অর্ডার এসেছে। এ জন্য প্রথমে আড়াইশো গ্রাম সোনা কিনবেন। মুচিপাড়ার ব্যবসায়ী তা দিয়ে দেন। এবং জয়জিতের গাড়িতে করেই পেমেন্ট নিতে রওনা হন।

অভিযোগ মুচিবাজার থেকে গাড়িতে ওঠার পরে, গিরিশ পার্কের কাছে পাইকারি ব্যবসায়ীকে মারধর করে জয়জিৎ গাড়ি থেকে নামিয়ে দেন বলে অভিযোগ। পরে গিরিশ পার্কের ওই দোকানে গিয়ে খোঁজখবর করে মুচিপাড়ার ব্যবসায়ী জানেন, সেটির সঙ্গে জয়জিতের কোনও সম্পর্ক নেই। প্রতারিত হয়েছেন বুঝে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই পাইকারি ব্যবসায়ী।

About Post Author