সময় কলকাতা ডেস্ক:- শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ের টাটকা ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গ্রামে বাঘ ঢুকেছে সন্দেহ করে তাঁরা খবর পাঠান কুলতলি থানায় এবং চিতুরি ফরেস্ট রেঞ্জে। চিতুরি ফরেস্ট রেঞ্জের কর্মীরা এবং টাইগার রেসকিউ টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বাঘের আতঙ্কে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে বাঘের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের এলাকা থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন । গ্রামের বাসিন্দাদের নিরাপত্তার জন্য কুলতলি থানার পুলিশ এলাকা ঘিরে রেখেছে। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, বাঘটি যাতে লোকালয়ের ভিতরে প্রবেশ না করতে পারে, তার জন্য এলাকার চারপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হবে।
পুলিশ মাইকে স্থানীয় মানুষদের সতর্ক করছে। বিশেষত ঝোপ বা নির্জন এলাকায় না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। এলাকায় টহল দিচ্ছেন বনকর্মী ও পুলিশ কর্মীরা। বাঘটিকে নিরাপদে জঙ্গলে পাঠাতে তৎপর হয়েছে বনদপ্তর।
বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বনকর্মীরা নিশ্চিত হন, ঝোপের মধ্যেই বাঘটি লুকিয়ে রয়েছে। বনদপ্তরের আধিকারিকরা জানান, সাধারণত বছরের এই সময়ে বাঘ লোকালয়ে ঢোকে না। বনকর্মীদের অনুমান, সম্ভবত নদী পেরিয়ে বাঘটি ভুল করে লোকালয়ে ঢুকে পড়েছে।


More Stories
অভিষেক আসতেই দুই-দলে খণ্ডযুদ্ধ, বিমানবন্দরে আতঙ্কে যাত্রীরা!
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ