Home » ফের নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ; গ্রেফতার প্রতিবেশী এক ব্যক্তি

ফের নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ; গ্রেফতার প্রতিবেশী এক ব্যক্তি

সময় কলকাতা ডেস্ক:- ফের নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। অভিযোগ প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজাট থানা এলাকার ঘটনা।

জানা গিয়েছে, বছর ১৩র নাবালিকা ছাত্রীর বাবা-মা কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন। জেঠুর বাড়ি থেকে পড়াশোনা করত ওই নাবালিকা। সেই মতো রবিবার সন্ধ্যায় সে জেঠুর বাড়িতেই ছিল। কিন্তু পরিবারের বাকী সদস্যরা তখন বাড়িতে ছিলেন না। অভিযোগ সেই সময়ই মিজান শেখ নামের প্রতিবেশী এক ব্যক্তি ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে।

এমনকি এই কথা কাউকে বললে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে এমনও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা জানতে পেরে নির্যাতিতার পরিবার ওই নাবালিকা নিয়ে সন্দেশখালির ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ন্যাজাট থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। পাশাপাশি নির্যাতিতাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত ওই ব্যক্তি আইএসএফ এর সমর্থক বলে অভিযোগ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও শাসক দলের আনা অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় আইএসএফ নেতৃত্ব। আইএসএফ-কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

About Post Author