Home » ওভাল অফিসে ট্রাম্পের বিপরীতে বসে জেলেনস্কি, বৈঠক থামিয়ে পুতিনকে ফোন ট্রাম্পের!

ওভাল অফিসে ট্রাম্পের বিপরীতে বসে জেলেনস্কি, বৈঠক থামিয়ে পুতিনকে ফোন ট্রাম্পের!

সময় কলকাতা ডেস্ক:- দীর্ঘ তিন বছরেরও বেশি সময়ের পর বৈঠকে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি! রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মুখোমুখি বৈঠকে বসানোর জন্য প্রাথমিক আয়োজন শুরু হয়েছে। ট্রাম্প একে শান্তির পথে একটি অত্যন্ত ভাল, প্রাথমিক পদক্ষেপ বলে দেখছেন।

অবশেষে থামছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?

ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতে যখন হোয়াইট হাউসের ওভাল অফিসে পৌঁছলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে এবার তিনি কিন্তু একা ছিলেন না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকে জেলেনস্কিকে সমর্থন জানান ইউরোপীয়ান ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রনেতাকেও দেখা যায় ট্রাম্পের এই বৈঠকে।

বৈঠকে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্‌ৎস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে। রুদ্ধদ্বারের আলোচনা কিছুটা প্রকাশ্যে এসেছে।

বৈঠক যে একেবারে ফলপ্রসূ তা কোথাও গিয়ে মানতে নারাজ অনেকেই। কারণ, শান্তি এখনও ইউক্রেনের বিধ্বস্ত মাটিকে ছুঁয়ে যেতে পারেনি। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতৃবৃন্দ, ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেনের নিরাপত্তা সুনিশ্চিত করা। শান্তি আলোচনার সম্ভাবনা এখন অনেকটাই এগোচ্ছে।

বৈঠক যেমন চলার প্রায় তেমনই চলেছে। আর তার মাঝে সবচেয়ে নজিরবিহীন পদক্ষেপটা নেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের মাঝেই রুশ প্রেসিডেন্টকে ফোন করেন তিনি। ট্রাম্প ইঙ্গিত দেন, দুই প্রেসিডেন্টের মুখোমুখি আলোচনার পর তিনি নিজে তাঁদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করবেন।

এদিকে রাশিয়া জানিয়েছে, আলাস্কায় সাম্প্রতিক শীর্ষ বৈঠকের পর মার্কিন আতিথেয়তা ও অগ্রগতির জন্য পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

রুশ সংবাদ সংস্থাগুলির দাবি, দুই নেতার মধ্যে ৪০ মিনিটের টেলিফোনে কথা হয়, যেখানে তাঁরা ইউক্রেন ইস্যুতে সরাসরি আলোচনার পক্ষে সওয়াল করেন। পাশাপাশি, ইউক্রেন সঙ্কট এবং অন্যান্য বৈশ্বিক ইস্যুতে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হন দু’পক্ষ। মঙ্গলের আলোচনার পর জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ ভাল বৈঠক হয়েছে তাঁর। গোটা বিষয়টাই হয়েছে গঠনমূলক।

উল্টোদিকে ট্রাম্পের দাবি, সম্মিলিত চুক্তির মাধ্যমে সংঘর্ষে এমন ইতি টানা হবে যে অদূর ভবিষ্যতে আর কোনও আগ্রাসনের পর্যায় থাকবে না।

About Post Author