সময় কলকাতা ডেস্ক:- প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সালিশি সভা। সালিশি সভায় যুবককে গণধোলাই। হ্যাঁ দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা থেকে উঠে এলো এমনই এক মর্মান্তিক ঘটনা।
জানা গিয়েছে, মহেশতলা ১৮ নম্বর ওয়ার্ডের আকড়া বগা নোয়াপাড়ার বাসিন্দা এক যুবক প্রতিবেশী একটি যুবতীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। গত এক সপ্তাহ আগে দুজন বাড়ি ছেড়ে পালিয়েও যান। এরপর যুবতীর পরিবার মহেশতলা থানায় তাদের মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। অপরদিকে যুবকের পরিবারও বিষয়টি জানতে পেরে যুবক ও যুবতীকে নিয়ে থানায় হাজির হয় বলে খবর।
ওই যুবকের পরিবারের দাবি, সেই সময় যুবতীর পরিবারের তরফে আপোষে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়। এবং যুবতীকে নিয়ে তাঁরা বাড়িতে চলে যান। অভিযোগ ঘটনার এক সপ্তাহ পর আচমকাই যুবতীর তিন মামা ওই যুবককে ডেকে পাঠান। এবং ওই যুবক সেখানে গেলে চুলের মুঠি ধরে তাঁকে বেধড়ক মারধর করা হয়।
এমনকী ছেলেকে বাঁচাতে গেলে যুবকের মাকেও মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে ভাইরাল মারধরের সেই ভিডিও। যদিও সময় কলকাতা ভিডিও-র সত্যতা যাচাই করেনি। এদিকে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যুবক ও তাঁর মা আহত অবস্থায় মহেশতলা থানায় গিয়ে অভিযোগ জানান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর