Home » খাস কলকাতার লেদার কমপ্লেক্সে খুন!

খাস কলকাতার লেদার কমপ্লেক্সে খুন!

সময় কলকাতা ডেস্ক:- রক্তে ভেসে যাচ্ছে রাস্তা! কলকাতার লেদার কমপ্লেক্সে মহিলা খুনে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে কলকাতার লেদার কমপ্লেক্সের দুই নম্বর গেটের ৬ নম্বর প্লটের কাছে।

সূত্রের খবর, স্থানীয়রা একজন মহিলার শরীর থেকে অজস্র রক্ত ভেসে যাচ্ছে দেখে, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গেছে, মৃত মহিলার নাম বিলকিস বিবি। বিলকিস কলকাতার ওই লেদার কমপ্লেক্সের শ্রমিক ছিলেন।

ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিলকিস বিবি কলকাতা লেদার কমপ্লেক্সের ৫৪৮ নম্বর ট্যানারিতে বিগত পাঁচ বছর ধরে কাজ করতেন। পাশের ট্যানারিতে কাজ করেন তাঁর স্বামী করিম গাজি।

জানা গেছে, ভাঙড়ের ঘটকপুকুরে স্বামী-স্ত্রী ভাড়াবাড়িতে থাকতেন। প্রত্যেকদিন করিম ও তাঁর স্ত্রী একসাথে কাজে আসতেন ও বাড়ি ফিরতেন একইসাথে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে ট্যানারি থেকে বাইরে বেরোন বিলকিস। তারপরই তাঁর চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন অন্য শ্রমিকরা। দৌড়ে আসেন করিমও। দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন বিলকিস।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। দেহের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বিলকিসকে! এই ঘটনায় পুলিশ রোহিত গাজী নামে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত এই যুবক করিমের প্রথম পক্ষের স্ত্রীর ছেলে।

পুলিশের সন্দেহ ব্যাক্তিগত আক্রোশের জেরেই কি এই ঘটনা? সমগ্র ঘটনার কেন্দ্রে পৌঁছাতে মরিয়া লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

About Post Author