Home » চলে গেলেন বিরজু মহারাজ, কত্থক নৃত্যের ইতিহাসে একটি যুগের অবসান

চলে গেলেন বিরজু মহারাজ, কত্থক নৃত্যের ইতিহাসে একটি যুগের অবসান

সময় কলকাতা ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রখ্যাত নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। জানা গিয়েছে, রবিবার  রাতে বাড়িতে নাতিদের সঙ্গে খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বিরজু মহারাজ । সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পারিবারিক সূত্রে জানা গিয়েছিল সম্প্রতি তাঁর কিডনির অসুখ ধরা পড়েছিল। ডায়ালিসিসও চলছিল। বিরজু মহারাজ ছিলেন ভারতীয় শাস্ত্রীয়  নৃত্যে এমন এক অধ্যায় যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে

কালিকা-বৃন্দাদিন ঘরানার একমাত্র উত্তরাধিকারী অচ্ছন মহারাজের পুত্র ব্রজমোহনের জন্ম হয় ১৯৩৭ সালের ৪ঠা ফেব্রুয়ারি লখনউয়ের এক নামী কত্থক নৃত্য শিল্পী পরিবারে। এই ব্রজমোহন মহারাজ পরবর্তীকালে বিরজু মহারাজ নামে পরিচিত হন। পিতার কাছে ১০ বছর বয়স পর্যন্ত নৃত্য শিক্ষাগ্রহণ করেন। তারপর ছোট বয়সেই পিতা অচ্ছন মহারাজকে হারান। এরপর কাকা লচ্ছু মহারাজ এবং শম্ভু মহারাজের কাছে নৃত্য শিক্ষাগ্রহণ করেন তিনি। নৃত্য শিক্ষা ছাড়াও তবলা এবং পাখোয়াজ বাদনেও তার বিশেষ পারদর্শিতা ছিল। কণ্ঠসংগীতেও সমান পারদর্শী ছিলেন বিরজু মহারাজ। পাশাপাশি অসাধারণ ছবিও  আঁকতেন।

কত্থকের উপর ভিত্তি করে তার গোবর্ধন লীলা, মালতীমাধব, কুমারসম্ভব খুবই প্রশংসা পেয়েছে। খুব ছোট বয়সেই দিল্লির সংগীত ভারতীতে শেখাতেন তিনি। তারপর দিল্লির ভারতীয় কলাকেন্দ্র অধ্যাপক পদে নিযুক্ত হন তিনি । পরবর্তীতে নিজের স্কুল ‘কলাশ্রম’ খুলেছিলেন বিরজু মহারাজ।

আরও পড়ুন :প্রয়াত অস্কারজয়ী অভিনেত্রী ও প্রাক্তন ব্রিটিশ মন্ত্রী গ্লেন্ডা জ্যাকসন

সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’ সিনেমার দু’টি গানের কোরিওগ্রাফি করেছিলেন পন্ডিতজি। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবিতে ‘কাহে ছেড়ে মোহে’ গানে নাচ শিখিয়েছিলেন মাধুরী দীক্ষিতকে। সংগীত নাটক অকাদেমি পুরস্কার পান। পদ্মবিভূষণ সম্মানেও সম্মানিত করা হয় তাকে।

এই কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। কত্থক নৃত্যের ইতিহাসে এক যুগের অবসান হল, গভীর শোকে স্তব্ধ গোটা শিল্পীমহল।

About Post Author