সময় কলকাতা ডেস্কঃকরোনা অতিমারির ধাক্কা কাটিয়েই যেন চেনা ছন্দে ফিরল বেলুড় মঠ। শুক্রবার ঠাকুর শ্রী রামকৃষ্ণপরমহংস দেবের ১৮৭ তম জন্মতিথি পালিত হল বেলুড় মঠে। সকাল থেকেই সেখানে ভক্তদের সমাগম চোখে পড়ার মত।করোনার জন্যই বিগত দু’বছর ভক্ত সমাগম বন্ধ রেখেই এই অনুষ্ঠান পালন করা হয়ে এসেছে।
আরতি দর্শন থেকে শুরু করে প্রসাদ বিতরণ সবই বন্ধ ছিল। কিন্তু এবারে করোনা বিধি মেনেই চলছে বেলুড় মঠ দর্শন। এমনকি থাকছে ভোগের ব্যবস্থাও। ইচ্ছুক ভক্তরাও এবার প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে পারবেন। যার কারণে যারপরনাই খুশি ভক্তরাও।
মঠ কতৃপক্ষের তরফে জানা গিয়েছে এদিন ভোর চারটের সময় মঙ্গলারতির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়।তারপর সারাদিন ধরেই বিশেষ পূজা এবং ধর্মীয় অনুষ্ঠান চলে ।এছাড়াও এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যা বেলুড় মঠের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে বলে জানা যায়।
এরপর সেখানে বেদপাঠ করা হয়,স্তবগান গাওয়া হয়।এর পাশাপাশি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বিশেষ পুজো ও হোম ও সম্পন্ন হয়। হোমের পরে গীতি আলেখ্য পাঠ করেন মঠের সন্ন্যাসীরা ।এছাড়াও রামকৃষ্ণ কথামৃত এবং তার ব্যাখ্যা দান পর্ব অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রেসিডেন্ট মহারাজের উপস্থিতিতে ধর্মসভার আয়োজন করা হয়। এই ধর্মসভায় শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী এবং বাণী পাঠ করেন মঠের সন্ন্যাসীরা। অংশগ্রহনে ছিলেন মহারাজ স্বামী বলভদ্রানন্দ ,স্বামী শুদ্ধিদানন্দ এবং স্বামী নির্বিকারানন্দ। ফলে এখন থেকে ভক্তরা এবার থেকে প্রতিদিনই বেলুড় মঠে আসতে পারবেন।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা