সময় কলকাতা ডেস্কঃ দেড় বছর ধরে সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না পেনশন।মুখ্যমন্ত্রী বলছেন, দুয়ারে সরকার। আর স্বামীর চাকরির প্রাপ্য পেনশন পেতে সরকারি দপ্তরের দরজায় দরজায় ঘুরেও মিলছে না সমাধান। চরম হয়রানির শিকার নদীয়ার চক্রবর্তী পরিবার। আর তার জেরে নিদারুন অর্থ কষ্টের মধ্যে দিন কাটাছে নদীয়ার তাহেরপুরের কল্পনা চক্রবর্তী ও তার ছেলে শুভ চক্রবর্তী। ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছে পরিবার। বসতবাড়ি বিক্রির মত কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথে তাঁরা।
নদীয়ার বাদকুল্লা মুগরাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন জীবন চক্রবর্তী। চাকরীরত অবস্থায় 2022 সালের 10ই নভেম্বর মারা যান তিনি। তাঁর মৃত্যুর আগে জীবনবাবুর চিকিৎসার জন্য বিস্তর ধারদেনা করতে হয় চক্রবর্তী পরিবারকে। স্বামী মারা যাওয়ায় সংসারে উপার্জন নেই বললেই চলে। সংসার চালাতে বেড়েই চলেছে ঋণ। একদিকে স্বামীর চিকিৎসা করানোর সময় দেনা তার উপর গত দেড় বছর আয় নেই পরিবারে। কারন দীর্ঘ দেড় বছর কেটে গেলেও এখনো পেনশন চালু হয়নি জীবন চক্রবর্তীর। সেই পেনশন চালুর জন্য এমন কোন জায়গা নেই যে সেখানে যাননি কল্পনা চক্রবর্তী দাবী তাঁর! জেলার এস আই অফিস থেকে শুরু করে ডি আই অফিস, নদীয়ার জেলাশাসকের দপ্তর সর্বত্র ছুটছেন তিনি।

কল্পনা চক্রবর্তীর দাবী, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি, কালীঘাট পর্যন্ত তিনি দরবার করেছেন স্বামীর পেনশন চালু ও প্রাপ্যের জন্য । কিন্তু এতগুলি সরকারি দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি কোন সুরাহা। কল্পনা চক্রবর্তীর অভিযোগ, স্বামীর পেনশনের অনুমোদন আটকে আছে সরকারিবাবুদের তৈরী লাল ফিতের ফাঁসে। হাজারবার কষ্টের কথা বলেও চিঁড়ে ভেজে না শিক্ষা দপ্তরের আধিকারিকদের। স্বামীর চিকিৎসার জন্যও ঋণে জর্জরিত হতে হয়েছে এক সময়কার মানুষ গড়ার কারিগর প্রয়াতঃ জীবন চক্রবর্তীর পরিবারকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য চালু করেছেন দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মত বিভিন্ন জনহিতকর প্রকল্প।সরকারি কর্তাদের উদাসীনতার শিকার হতে হচ্ছে তাহেরপুরের চক্রবর্তী পরিবারকে। স্বামীহারা কল্পনা চক্রবর্তীর এখন মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন তাঁর স্বামীর পেনশনের ফাইলটি অতিদ্রুত ছেড়ে দিক সরকার।তবে ছেলে নিয়ে প্রাণে বাঁচতে পারবেন তিনি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী