Home » ক্যাঙারু পাচারের ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার ২

ক্যাঙারু পাচারের ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার ২

সময় কলকাতা ডেস্কঃ  অসম-বাংলা সীমান্ত থেকে অবৈধ ভাবে পাচার হয়ে যাচ্ছিল একটি ক্যাঙারু। কিন্তু পুলিশের তৎপরতায় বানচাল হল ক্যাঙারু পাচারের ছক। ক্যাঙারু পাচার কাণ্ডে গ্রেফতার হয় দুই পাচারকারী। আলিপুরদুয়ার জেলার অন্তর্গত অসম-বাংলা সীমান্তের পাকরিগুড়ি এলাকার ঘটনা।

শনিবার গোপন সূত্রে ক্যাঙারু পাচারের খবর পেয়ে তল্লাশি চালায় কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা ফাঁড়ির পুলিশ। এদিন রাতেই বড়সড় সাফল্য মিলল পুলিশের। পাকরিগুড়ি এলাকায় নাকা চেকিংয়ের সময়ই একটি ট্রাক থেকে অস্ট্রেলিয়ান ক্যাঙারু উদ্ধার করল আলিপুরদুয়ার জেলার বারবিশা ফাঁড়ির পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয় হায়দ্রাবাদের বাসিন্দা ইমরান শেখ ও জায়েদ শেখকে। পাশাপাশি ট্রাকটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ নম্বরের একটি খালি ট্রাকে ত্রিপলের নীচে খাঁচাতে লুকিয়ে ক্যাঙারুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রথমে অস্ট্রেলিয়া থেকে মায়ানমার এবং পরে সড়ক পথে উত্তর-পূর্ব ভারতে ক্যাঙারুটিকে আনা হয়। এরপর অসম থেকে সেটিকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার পথে পাচারকারীদের হাতে নাতে ধরে ফেলে বারবিশা ফাঁড়ির পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, ক্যাঙারু পাচারের ঘটনা উত্তরবঙ্গে এই প্রথমবার শোনা গেল।

অন্যদিকে অসম থেকে ক্যাঙ্গারু পাচারের ঘটনা এই প্রথমবার প্রকাশ্যে এল বলেই জানাচ্ছে বনকর্মীরা। শনিবার রাতেই পুলিশি তৎপরতায় ক্যাঙরুটিকে উদ্ধার করে আলিপুরদুয়ার বনবিভাগের ভল্কা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। ক্যাঙারুটি যেহেতু বিদেশি প্রাণী তাই তাকে সুস্থ রাখার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বনদপ্তরের আধিকারিকদের তরফ থেকে। এই ক্যাঙারু পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে বারবিশা ফাঁড়ির পুলিশ।

About Post Author