Home » মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু চার যুবকের!

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু চার যুবকের!

সময় কলকাতা ডেস্কঃ সাতসকালেই ভয়াবহ পথ দু্ঘটনায় মৃত্যু হল চার যুবকের।সোমবার সকালে মুর্শিদাবাদের কান্দির সাঁইথিয়া রাজ্য সড়কের উপর খোরজুনা গ্রাম পঞ্চায়েত অফিসের মড্ডা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃত ওই চার যুবকের নাম দীপ বাগদি,কল্যাণ বয়েন, রিনিত মাঝি ও বিদ্যুৎ বাগদি।তারা রবিবার রাতে পাশের গ্রামে যাত্রা শুনতে গিয়েছিল।এদিন সারারাত বাড়ির বাইরেই ছিল তারা।পরদিন অর্থাৎ সোমবার সকালে ওই চার যুবক একটি মোটর বাইকে চেপে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মড্ডা এলাকার একটি কালভাটে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চার যুবকের।এদিন সকালে এলাকার কৃষকরা মাঠে চাষ করতে গিয়ে প্রথমে মৃতদেহগুলি দেখতে পান।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

প্রতিবেশীদের তরফে খবর দেওয়া হয় বড়েঞা থানায়।খবর পেয়ে বড়েঞা থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা মৃত দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতলে পাঠান। সোমবার সকাল থেকেই কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কে  যানচলাচল থমকে যায়।ফলে ব্যপক যানজটের সৃষ্টি হয়।অন্যদিকে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত ওই চার যুবকের পরিবারের সদস্যরা।


যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পথ দুর্ঘটনায় ওই চার যুবকের মৃত্যু হয়নি ।তাদের দাবি,‘অন্য কোথাও এই যুবকদের পিটিয়ে খুন করে এই এলাকায় ফেলে দেওয়া হয়েছে।কারণ দুর্ঘটনায় মৃত্যু হলে চারটি মৃতদেহ বিভিন্ন জায়গায় কালভার্টের নীচে ছড়িয়ে-ছিটিয়ে থাকত না।আর রাতেই যদি এই দুর্ঘটনা ঘটত তাহলে রাতের টহলদারি পুলিশ নিশ্চয়ই খবর পেত।‘ ইতিমধ্যেই বড়েঞা থানার পুলিশ  ঘটনার তদন্ত শুরু করেছেন।এই দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে  ।

About Post Author