Home » পণের বলি এক প্রতিবন্ধী গৃহবধূ

পণের বলি এক প্রতিবন্ধী গৃহবধূ

সময় কলকাতা ডেস্কঃ শ্বশুরবাড়ির দাবি মতো অতিরিক্ত পণ না দেওয়ায় এক প্রতিবন্ধী গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল পাঁচটা নাগাদ মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায়। জানা যায় প্রায় বছর চারেক আগে ইংরেজ বাজারের জোত আরাপুর এলাকার বাসিন্দা অশোক কুমার সিংহের মেয়ে অর্পিতা সিংহের সাথে মালদা শহরের বুড়াবুড়ি তলা এলাকার বাসিন্দা দিলীপ দাসের ছেলে শুভদীপ দাসের সঙ্গে বিয়ে হয়। মেয়ে স্পষ্ট কথা বলতে পারে না বলে সমস্ত ধরনের রীতি মেনে সে সময় ছেলেকে প্রায় সাত লক্ষ টাকা, ছয় ভরি সোনা দিয়ে বিয়ে দেন মেয়ের বাবা।

তার পরও মাঝেমধ্যেই অতিরিক্ত টাকা পয়সার দাবি এবং মেয়ের বাবার বাড়ির সম্পত্তি ভাগ করে ছেলের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে শ্বশুরবাড়ির লোকেরা। মেয়ে প্রতিবাদ করলে মাঝেমধ্যেই মারধর সহ বাড়ি থেকে বের করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, সেই ঘটনা সোমবার অতিরিক্ত মাত্রায় পৌঁছলে মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিকেল পাঁচটা নাগাদ আগুন ধরিয়ে মেয়ের পরিবারকে ফোন করে জানান হয় মেয়েকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। রাত নটা নাগাদ মেয়েটি মারা যায়। পরিবারের লোকজন মালদা মেডিকেল কলেজে আসতেই ছেলেটির পরিবার সেখান থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় স্বামী শুভদীপ দাস, শ্বশুর দিলীপ দাস ও শাশুড়ি সীমা দাসের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় পুড়িয়ে মারার অভিযোগ করা হয় গৃহবধূর পরিবারের তরফে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল মৃত গৃহবধূকে দেখতে আসে ইংরেজ বাজার থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

About Post Author