Home » রামপুরহাট কাণ্ডে তদন্তের দাবিতে এসইউসিআই বিক্ষোভ

রামপুরহাট কাণ্ডে তদন্তের দাবিতে এসইউসিআই বিক্ষোভ

সময় কলকাতা ডেস্ক: ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী থাকল গোটা রামপুরহাট। এখন শুধুই থমথমে পরিবেশ রামপুরহাটে। চারিদিকে শুধুই শশ্মানের নিস্তব্ধতা । এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে এসইউসিআই। বুধবার রামপুরহাটের গণহত্যার’ প্রতিবাদে বীরভূমের সিউড়ি শহরে বিক্ষোভ দেখায় এসইউসিআই কর্মীসমর্থকরা। তারা এদিন জেলাশাসক দপ্তর এবং বীরভূম জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়ে হাজির হলেও পুলিশ তাদের আটকে দেয়। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তা-ধস্তি হয় এসইউসিআই কর্মীসমর্থকদের। এরপর তারা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

পাশাপাশি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন এই কর্মী সমর্থকরা মিছিল করেও শহরে বিক্ষোভ দেখায়। এমন ঘটনা কেন ঘটলো তার জবাব চান তারা। পাশাপাশি সঠিকভাবে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে এই এসইউসিআই কর্মী সমর্থকরা।

অন্যদিকে, রামপুরহাটের এই নৃশংস হত্যার প্রতিবাদে আজ বিধানসভার উত্তর গেটে এস ইউ সি আই বিক্ষোভ প্রদর্শন করে। সঠিক তদন্ত করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান তারা। এদিন, বিক্ষোভরত এস ইউ সি আই এর প্রায় ২০০ জন কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ।

প্রসঙ্গত, সোমবার রাতে রামপুরহাটে বোমা মেরে খুন করা হয় তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাট। সেই রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বগটুই গ্রামে। যেখানে ৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে তোলপাড় বঙ্গের রাজ্য রাজনীতি।

About Post Author