Home » ওয়ার্ড অফিস বন্ধ রাখাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, সরগরম পানিহাটি

ওয়ার্ড অফিস বন্ধ রাখাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, সরগরম পানিহাটি

সময় কলকাতা ডেস্ক: ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। ঘটনা পানিহাটি পুরসভার ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলরের মধ্যে। জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন স্বপন কুন্ডু। কিন্তু এবারের এই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুলু রানী দাসকে ২১ নং ওয়ার্ডের প্রার্থী করা হয় এবং ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন স্বপন কুন্ডু।

২০২২ পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই দুই প্রার্থী জয়লাভ করে। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পরই শুরু হয় দ্বন্দ্ব। ২১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর টুলু রানী দাসের অভিযোগ, এলাকার ওয়ার্ড অফিস তালা বন্ধ করে রেখেছেন এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বপন কুন্ডু। ফলে টুলু রানী দাসকে ওয়ার্ড অফিসের বাইরে বসে মানুষের পরিষেবার কাজ করতে হচ্ছে। বারংবার বলা সত্ত্বেও ওয়ার্ড অফিসের চাবি না পাওয়ায় টুলুরানি দাস সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বপন কুন্ডুর দিকে।

এই অভিযোগের ভিত্তিতে স্বপন কুন্ডু প্রতিক্রিয়া দিতে গিয়ে সেই একই সুর চড়ান। তিনিও অভিযোগ করে বলেন, টুলু রানী দাসের ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরকেও একই ভাবে ওয়ার্ড অফিসের চাবি দিচ্ছেন না টুলু রানী দাস। তাই তাকে একটি অস্থায়ী কার্যালয় ভাড়া নিয়ে মানুষের পরিষেবার কাজ করতে হচ্ছে। ওয়ার্ড অফিস তালা বন্ধ রাখাকে কেন্দ্র করে এই দুই ওয়ার্ডের কাউন্সিলরের প্রকাশ্য গোষ্ঠী কোন্দলে সরগরম পানিহাটি পুরসভার ২০ ও ২১ নম্বর ওয়ার্ড।

এই দুই কাউন্সিলরের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের ঘটনায় বিজেপির যুব মোর্চার নেতা জয় সাহা বলেন, “তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের মধ্যে দলাদলি করে ও গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেরাই শেষ হবে,এই দলের কোন নীতি আদর্শ নেই,আগামী দিনে কাউন্সিলরদের সাথে কাউন্সিলরদের এই দ্বন্দ্বে তৃণমূল কংগ্রেস দলটা পশ্চিমবঙ্গ থেকে শেষ হয়ে যাবে।”

About Post Author