Home » রামপুরহাট কাণ্ডে নতুন করে গ্রেপ্তার ১, ক্লোজ ১২ পুলিশকর্মী ও সিভিকভলান্টিয়ার

রামপুরহাট কাণ্ডে নতুন করে গ্রেপ্তার ১, ক্লোজ ১২ পুলিশকর্মী ও সিভিকভলান্টিয়ার

সময় কলকাতা ডেস্ক: রামপুরহাট নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে গ্রেপ্তার হল আরও একজন। পাশাপাশি পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী রামপুরহাটে পৌঁছানোর আগেই ওই এলাকার দায়িত্বে থাকা গোয়েন্দা অফিসার এবং ১১ জন সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি।বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে আসবেন মুখ্যমন্ত্রী। ঘটনা নিয়ে নিহতের পরিবারের পাশাপাশি গ্রামের মানুষের কথা বলবেন মুখ্যমন্ত্রী। পরে সার্কিট হাউসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বলবেন। তাই সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রামপুরহাট ও বগটুই গ্রাম।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন বগটুই গ্রামে আসছেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জ চৌধুরী। এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পাঁচ প্রতিনিধির একটি দলও বগটুই গ্রামে যাওয়ার কথা। তাই সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তায় কার্যত গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। বগটুই গ্রামে টোকার প্রতিটি রাস্তার তৈরি করা হয়েছে পুলিশের ব্যারিকেড।

রামপুরহাটের বগটুই গ্রামে নারকীয় হত্যাকাণ্ডে প্রথম থেকেই পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার রিপোর্ট তলব করেছে হাইকোর্ট সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, জাতীয় শিশু সুরক্ষা কমিশন। এছাড়া, বিরোধীদের নিশানায় জেরবার রাজ্যের শাসক দল। তাই ঘটনার প্রথম দিন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহকে পাঠিয়েও বরফ গলেনি৷ তাই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনাস্থলে ছুটে আসছেন। মুখ্যমন্ত্রী গ্রামে এলে যাতে কোন রকম উত্তেজনা না ছড়ায় তারই প্রস্তুতি তুঙ্গে৷
তবে পুরো গ্রাম এখন  থমথমে৷ আতঙ্কে মুখে কার্যত কুলুপ এঁটেছেন বাসিন্দারা৷

About Post Author