Home » মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অতি সক্রিয় প্রশাসন

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অতি সক্রিয় প্রশাসন

সময় কলকাতা ডেস্কঃ বগটুইতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থায় কোনরকম ফাঁকফোকর থাকলে তা বরদাস্ত করা হবে না। পুলিশকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পরই তৎপর প্রশাসন। এরপরেই রাজ্যজুড়ে চলছে ধরপাকড়। শুক্রবার সাত সকালে কেশপুর থানার ১৩ নং অঞ্চলের হুরুনুরু এলাকা থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি জঙ্গলের মধ্যে কয়েকটি বালতি উদ্ধার হয়। সেই বালতিগুলির মধ্যে রাখা ছিল বোমাগুলি। সবগুলোই সক্রিয় বলেই দাবি স্থানীয়দের। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমাগুলি নিষ্কৃয় করা হয়। কে বা কারা বোমাগুলি রেখেছিল? এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পাশাপাশি মালদহের চাঁচল থানার পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে দুটি পাইপগান, দুটি কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মারুপ আলি, বয়স ৩০। বাড়ি চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর পঞ্চায়েতের বাকিপুরে এবং অনুপ মালো, বয়স ২০। বাড়ি চাঁচল পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায়। ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অতি সক্রিয় হয়ে ওঠে হাওড়া সিটি পুলিশ। শেষ ২৪ ঘন্টায় তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের। যদিও নির্দিষ্ট কোন কোন থানা থেকে এই তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তা স্পষ্ট না করলেও আগামী ৬ দিনে আরও বিভিন্ন জায়গাতে এই ধরণের বিশেষ অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে সমস্ত জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারকে ডিজি মনোজ মালব্যর নির্দেশ, অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা উদ্ধারে অভিযান চালাতে হবে। রেঞ্জ ডিআইজি, জোনাল আইজি-এডিজিরাও জেলায় জেলায় ওই অভিযানের তত্ত্বাবধান করবেন। তার তথ্য পৃথকভাবে জানাতেও হবে। রাজ্যে কোথায় বোমা বা বেআইনি অস্ত্র রাখা আছে, সেই তল্লাশি চালানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে যে যে থানায় এই ধরণের অভিযোগ বেশি আসছে, সেই থানাগুলির আইসি-র থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। সেই রিপোর্ট নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

About Post Author