সময় কলকাতা ডেস্ক: তদন্তের আগেই সিট গঠন করে পথ নির্দেশিকা করে দেওয়া হচ্ছে। তদন্তের এজেণ্ডা সেট করে দেওয়া হচ্ছে। তাই সিটের তদন্তে ফলপ্রসু কোনও সুরাহা বেরিয়ে আসছে না।বারবার রাজ্যে তৈরি করা সিট গঠনের পরেও কোনও লাভ হয়নি। আদালত সব দেখতে পাচ্ছে। তাই আদালত জেনে বুঝেই সিটের পরিবর্তে সিবিআইয়ের হাতে রামপুরহাটের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার তদন্তভার তুলে দিয়েছে।এমনটাই দাবি, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের। তিনি বলেন, আদালত যে নির্দেশ দিয়েছে তাকে আমরা স্বাগত জানাই।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকার হাইকোর্টে ধাক্কা খেতে খেতে চলেছে। কাউকে বদলি করলে সেখানে আদালত। কেউ মারা গেলে সেখানেও আদালত । ১০ বছরে এরা কোনো রাজ্যের সরকার হয়ে উঠতে পারে নি। এরা আসলে তৃণমূল কংগ্রেসের সরকার।আমার মনে হয় ওদের আর একটা মন্ত্রক খোলা উচিত তা হল হাইকোর্ট মন্ত্রক। হাইকোর্টের কাছে সরকারের অনেক বাড়িটাড়ি আছে ওখানেই ওরা থাকতে পারে। বগটুই কান্ডে হাইকোর্টের সিবিআই নির্দেশ প্রসঙ্গে তৃণমূলকে এই ভাবেই কটাক্ষ করলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন জেলা থেকে আগ্নেয়আস্ত্র উদ্ধারের প্রসঙ্গে বিজেপি মুখপাত্র বলেন, এটা তো সবসময় চলে। মুখ্যমন্ত্রীর বলার পর সমুদ্র থেকে এক বালতি জল তুলে নেওয়া হয়েছে বলে পুলিশকে কটাক্ষ করেন শমীক । তিনি বলেন সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের একটু বিরক্তি আছে। তা সত্বেও পশ্চিমবঙ্গের মানুষ ও দেশের মানুষ মনে করেন সিবিআই নিরপেক্ষ তদন্ত উপহার দেয় তাদের। যা কোনো রাজনীতির দ্বারা প্রভাবিত নয় বা রাজনৈতিক প্রতিহিংসার দ্বারা প্রভাবিত নয় বলেই জানান বিজেপি নেতা।তাঁর দাবি, তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অভিষেকের অফিসে ভাঙচুর