Home » বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল

সময় কলকাতা ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল। পয়েন্ট এর গোলমালের কারণে মধ্যমগ্রাম স্টেশনে এক নম্বরের পরিবর্তে ট্রেন ঢুকে যায় দুই নম্বর প্লাটফর্মে। আর তাতে ঘটতে পারত বড়োসড়ো বিপত্তি। কারণ দুই নম্বর প্লাটফর্মে বনগাঁ লোকালের পিছনে এসে দাঁড়ায় আরো একটি ট্রেন কিন্তু বরাত জোরে বেঁচে যায় বনগাঁ লোকালের যাত্রীরা।

ডাউন ১১:৩০ এর বনগাঁ শিয়ালদহ লোকাল মধ্যমগ্রাম প্লাটফর্মে ঢোকার সময় এক নম্বর লাইনের বদলে দু নম্বর লাইনে ঢুকে যায়।কিন্তু সেই সময় ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে পেছনে ছিল ডাউন হাবরা লোকাল। ট্রেনের চালক ও গার্ডের দক্ষতায় বিপদ এড়ানো যায়। প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে মধ্যমগ্রাম স্টেশনে ডাউন বনগাঁ লোকাল দাঁড়িয়ে থাকে। ট্রেনের যাত্রীরা ধৈর্য হারায় দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে।রেলের গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা৷ মধ্যমগ্রাম স্টেশনে বিক্ষোভও দেখাতে শুরু করে যাত্রীরা।

স্টেশন মাস্টার অবশ্য জানায় যা বলবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবে। তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন না বলেই স্পষ্ট জানিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এই ঘটনার জেড়ে বনগাঁ লাইনের সমস্ত লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকার ফলে আপ ডাউন সমস্ত ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে বলে জানা গেছে।তবে রেল কর্তৃপক্ষ বিষয়টি হালকা করে নিলেও বড় দুর্ঘটনা যে ঘটতে পারতো তা ভাবলেই শিউরে উঠছে যাত্রীরা।

About Post Author