Home » অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদ, সাগরদত্ত মেডিক্যাল কলেজে কর্মী বিক্ষোভে বন্ধ আউটডোর পরিষেবা

অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদ, সাগরদত্ত মেডিক্যাল কলেজে কর্মী বিক্ষোভে বন্ধ আউটডোর পরিষেবা

সময় কলকাতা ডেস্ক: সাগরদত্ত মেডিক্যাল কলেজে  অস্থায়ী কর্মী বিক্ষোভ ঘিরে উত্তেজনা। অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার আউটডোরের সামনে বিক্ষোভে সামিল হন কাজ হারানো গ্রুফ ডি কর্মীরা। এদিন সকাল থেকেই প্ল্যাকার্ড হাতে হাসপাতালের আউটডোরের সামনে বিক্ষোভে সামিল হন কাজ হারানো অস্থায়ী কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ,মহামারির সময়ে নিজেদের জীবন বাজি রেখে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে করোনা আক্রান্তদের পরিষেবা দিয়েছেন তাঁরা। বর্তমানে রাজ্যে করোনা কিছুটা নিয়ন্ত্রেণে এসেছে। করোনা আক্রান্তের সংখ্য কমতেই ছাঁটাই করা হচ্ছে।

প্রসঙ্গত,  কোভিড পরিস্থিতিতে অস্থায়ীভাবে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ১১৬ জন ছেলে মেয়েকে নিয়োগপত্র দেওয়া হয়। বর্তমানে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে সেই কারণে এই সমস্ত অস্থায়ী কর্মীদের ছাঁটাই এর নির্দেশ জারি করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই  অস্থায়ী কর্মীরা হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। তাঁদের পুনরায় কাজে না ফেরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী কর্মীরা।

অস্থায়ী কর্মীদের আন্দোলনের জের এদিন সকাল থেকেই সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে বন্ধ হয়ে যায় আউটডোর পরিষেবা। পাশাপাশি বন্ধ হয়ে যায় আরও বেশ কয়েকটি বিভাগের পরিষেবা। ফলে হাসপাতালে এসে হয়রানির মুখে পড়তে হচ্ছে রোগীদের।

রোগীদের সমস্যার কথা ভেবে পরিষেবায় বন্ধ না করার আবেদন জানিয়েছেন হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রি। তিনি বলেন, অস্থায়ী কর্মীরা যে দাবি নিয়ে আন্দোলন করছেন তা যুক্তি সংঙ্গত। কিন্তু আমাদের হাতে নিয়োগ ক্ষমতা নেই। তাই আমরা পরিষেবা বন্ধ না করার জন্য আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি।নিজেদের জীবন বাজি রেখে করোনা অতিমারির সময়ে যাঁরা নিরন্তর পরিষেবা দিয়েছেন তাঁদের এভাবে ছাঁটাই কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা।

 

About Post Author