সময় কলকাতা ডেস্কঃ সামান্য অসতর্কতা ডেকে আনল কৃষিক্ষেত্রে ভয়াবহ বিপর্যয়। এক-আধ বিঘে নয়,ভয়াবহ আগুনে মালদা জেলায় পুড়ে ছাই শতাধিক বিঘে জমির গম। গমের ক্ষেতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারি মাঠে। স্বাভাবিক কারণেই মাথায় হাত চাষীদের।
গমের জমিতে আগুন লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কুশিদা, রাজল, ভগবানপুর, বিঝোট, বাগমারা, দৌলা ও গজকাটা এলাকার প্রায় শতাধিক কৃষক। স্থানীয় সূত্রে খবর, গমের নাড়া পোড়াতে গিয়েই আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ কৃষিক্ষেত্রে । আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয় কয়েকশো বিঘা গমের জমি। দমকলের কয়েকটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন। ততক্ষনে যা ক্ষতি হওয়ার হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। আগুন নিয়ন্ত্রনে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। দাউ দাউ করে জ্বলতে থাকে বিঘার পর বিঘা গমের জমি। বড় ক্ষতির সামনে পড়ার আশঙ্কায় কৃষক মহল।

কুশিদা গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান মহম্মদ নুর আজম জানান,গম নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের স্বার্থরক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হবে। তিনি আরও বলেন,সহায় সম্বলহীন কৃষকদের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে। স্থানীয় উপপ্রধান যাই বলুন এবং ক্ষতিপূরণ যাই দেওয়া হোক, অগ্নিকাণ্ডে প্রভাব পড়তে চলেছে মালদা জেলার গম চাষে।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী