সময় কলকাতা ডেস্কঃ করোনা আবহে লকডাউনের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল, কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে শিশু থেকে কিশোররা কি মোবাইলে আসক্ত হয়ে পড়ছে? মোবাইলে গেম খেলতে বারণ করেছিলেন মা। অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছেলে। মৃত কিশোরের নাম বিজয় রায় (১৫)। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কসবা মণ্ডল পাড়ায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার কসবা মণ্ডলপাড়ার বাসিন্দা অতুল রায়। তিনি পেশায় পরিয়ায়ী শ্রমিক। স্ত্রী ও দুই ছেলের সংসার টানতে অতুলবাবু কিছুদিন আগেই ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। স্বামী বাড়িতে না থাকায় অতুলবাবুর স্ত্রী ছেলেদের নিয়ে চাম্পাতলিতে দাদার বাড়িতে থাকেন।

পরিবার সূত্রে খবর, ছেলে সবসময় মোবাইলে গেম খেলায় মগ্ন থাকে। গেম খেলা নিয়ে মা ছেলেকে বকাবকি করলে অভিমানে মঙ্গলবার রাতে কসবায় নিজের বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর। দীর্ঘসময় বিজয়কে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কসবার বাড়িতে গিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। গঙ্গারামপুর থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী