সময় কলকাতা ডেস্ক: কাঁথি মহকুমা আদালতে আইনজীবী ও ল-ক্লার্কদের নোটিস পাঠাল সিবিআই। এদিন কাঁথি আদালতের এক আইনজীবী ও ছয় জন ল-ক্লার্কের নামে নোটিস আসে। বৃহস্পতিবার হলদিয়াতে সিবিআইয়ের অস্থায়ী অফিসে তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের পর বিজেপি কর্মী খুন সংক্রান্ত মামলায় তাঁদের ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ওই আইনজীবী ও ল-ক্লার্কদের হলদিয়ার সিপিটি গেস্ট হাউজ়ে দেখা করতে বলা হয়েছে। অভিযোগ, ধৃত তৃণমূল নেতা ও কর্মীদের জামিনে সাহায্য করেছে ওই আইনজীবী ও ল ক্লার্করা। কীসের ভিত্তিতে ওই অভিযুক্তদের জামিনের আবেদন করা হয়েছিল, সেই সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতে তাদের ডেকে পাঠিয়েছে সিবিআই।এই নোটিস পাওয়ার পরই কাঁথি আদালতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এবিষয়ে আইনজীবী বা ল-ক্লাকদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের সময় কাঁথি ৩ ব্লকের তৃণমূল নেতার নন্দ মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় নাম জড়ায় এলাকারই বাসিন্দা জন্মঞ্জয় দোলুইয়ের। ওই ব্যক্তি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ,ভোট পরবর্তী সময় ওই বিজেপি কর্মী জন্মঞ্জয় দোলুইকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল। এরপর ফাঁকা মাঠ থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ। বিজেপির অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা এই কাজ করেছে। সিবিআই তদন্তের দাবি জানায় মৃত বিজেপি কর্মীর পরিবার। পরবর্তীতে সেই তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

উল্লেখ্য, বিজেপি কর্মী জন্মঞ্জয় দোলুই খুনের ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় দাপুটে তৃণমূল নেতার নাম যুক্ত। এই মামলায় অভিযুক্ত বেশ কয়েকজন তৃণমূল নেতা ও কর্মী শর্তসাপেক্ষে জামিন পান। এবার সেই তৃণমূল নেতাদের যারা জামিন করিয়েছিলেন সেই আইনজীবী ও ল-ক্লার্কদের হাজিরার নোটিসে জোর গুঞ্জন ছড়িয়েছে কাঁথিতে।


More Stories
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?