Home » স্বজনপোষণ নিয়ে কি বললেন ঋতুপর্ণা?

স্বজনপোষণ নিয়ে কি বললেন ঋতুপর্ণা?

সময় কলকাতা ডেস্ক: বারবার অভিনেতা-অভিনেত্রীরা টলিউডে স্বজনপোষণের অভিযোগ করেছেন। অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর এই অভিযোগ আরো তীব্র হয়ে উঠেছে। টলিউডের টপ হিরো এবং টপ হিরোইন অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগ। তাদের দিকে আঙুল তুলেছেন অনেক অভিনেতা-অভিনেত্রীরাই। একসময় ঋতুপর্ণা সেনগুপ্তর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায় স্বয়ং। এমনকি শ্রীলেখা মিত্র অভিযোগ করেছিলেন, স্বজনপোষণের রানী ঋতুপর্ণা সেনগুপ্ত।

টলিউডে একসময় চুটিয়ে অভিনয় করেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাদের সুপার ডুপার হিট জুটি বসিয়ে দিয়েছিল অনেক অভিনেতা-অভিনেত্রীকে। সেই কারণেই হয়তো বারবার অভিযোগের আঙুল ওঠে তাঁদের দিকে। কিন্তু এই বিষয়ে কখনোই মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। এবার মুখ খুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কি বললেন তিনি, চলুন দেখে নেওয়া যাক।

তিনি স্পষ্ট করে জানান, টলিউডে কঠিন পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তাঁর পরিবারের কেউ এর আগে এই ইন্ডাস্ট্রিতে ছিলনা। তিনি যে কাজটি করতেন সে কাজটি এতই ভালো হতো যে তারপরে কাজের জন্য তাকে চিন্তা করতে হত না। যে কোন সিনেমায় হাত দিলেই সেই সিনেমা সোনা হয়ে যেত। এমনকি তাঁকে সিনেমায় নেওয়ার জন্য নিজেদের মধ্যে মারামারিও করতেন পরিচালকরা।

তিনি আরও বলেন, ঈশ্বরের কৃপায় কোনদিনও কাজের অভাব হয়নি। অনেক ভাষায় অভিনয় করেছেন। শুধুমাত্র স্বজনপোষণের ওপর ভর করে এত সাফল্য পাওয়া কি সম্ভব? সেই প্রশ্নও তোলেন তিনি। অকপটে স্বীকার করে নিয়ে তিনি জানান, বলিউডে প্রথম সারির অভিনেত্রী হতে পারেননি। তবে জনপ্রিয়তায় দর্শকের ভালোবাসায় টলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছেন ঋতুপর্ণা, সেই সন্দেহের কোনো অবকাশ নেই।

About Post Author