সময় কলকাতা ডেস্ক : যেন টাইম মেশিনে করে পৌরাণিক সময় থেকে বর্তমানে যাত্রা।এভাবে ভ্রমণপিপাসু দর্শণার্থীদের জন্য ভেবেছে কে? এবারের যাত্রাপথ আকাশপথ । স্থলপথের গণ্ডীতে নিজেদের আটকে রাখতে আর রাজি নয় ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আই আর সি টি সি )। পুষ্পক রথের আদলেই মর্ত্যলোকের সফরনামা নিয়ে হাজির আই আর সি টি সি।
ভ্রমণ পিপাসুদের মনোবাঞ্ছা পূর্ণ করতে উদ্যোগ আই আর সি টি সির।ভ্রমণ পিপাসুদের জন্য এই প্রথম আকাশপথে দুই ধাম যাত্রা। এই প্রথম তীর্থযাত্রীদের নিয়ে আকাশপথে দুই ধাম যাত্রা করছে আইআরসিটিসি। কয়েক বছর ধরে আইআরসিটিসি ভ্রমণ পিপাসুদের সামনে একের পর এক চমক নিয়ে আসছে । গত দেড় বছরে করোনাকালে ঘরবন্দি মানুষদের জন্য আইআরসিটিসি নতুন নতুন প্যাকেজ ঘোষণায় কোন খামতি রাখেনি। রেলপথ, জলপথ, আকাশপথে পর্যটকদের বিভিন্ন জায়গায় নিয়ে যায় আইআরসিটিসি। তবে এই প্রথম তীর্থযাত্রীদের নিয়ে আকাশপথে দুই ধাম যাত্রা করতে চলেছে এই সংস্থা। মঙ্গলবার বর্ধমানে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান আইআরসিটিসির পূর্বাঞ্চলীয় বিভাগের চিফ সুপারভাইজার সৌরভ চ্যাটার্জ্জী।

আগামী ২০ মে কলকাতা থেকে পর্যটকদের নিয়ে যাওয়া হবে। ৬ রাত ৭ দিনের এই ভ্রমণে থাকছে হরিদ্বার, গুপ্তকাশী, সোনপ্রয়াগ, কেদারনাথ, বদ্রীনাথ, যশীমঠ এবং রুদ্র প্রয়াগ দর্শন। ২০ মে কলকাতা থেকে বিমানে দিল্লি পৌঁছানোর পর দিল্লি থেকে অন্য উল্লিখিত সমস্ত দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া হবে সড়কপথে। তার জন্য মাথা পিছু খরচ পড়ছে সাধ্যের মধ্যে। একটি ঘরে ১ জন থাকলে ৫৬ হাজার ৫৩০ টাকা, একটি ঘরে ২ জন থাকলে ৩৭ হাজার ৬০০ টাকা এবং একটি ঘরে ৩ জন থাকলে ৩৬ হাজার ৮৫০ টাকা খরচ হবে। এছাড়াও ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য লাগবে মাথা পিছু ৩৫ হাজার ৩৭০ টাকা এবং ২ থেকে ৪ বছরের শিশুদের জন্য ২৫ হাজার ২২০ টাকা।
আইআরসিটিসির পূর্বাঞ্চলীয় বিভাগের চিফ সুপারভাইজার সৌরভ চ্যাটার্জ্জী আরও জানান, এর আগে আইআরসিটিসির পক্ষ থেকে বিমানে ভ্রমণ পিপাসুদের নিয়ে যাওয়া হলেও দুই ধাম যাত্রার এই অভিনব বিষয়টি এবারেই প্রথম। কেদারনাথ বা বদ্রীনাথে যাওয়ার জন্য কোনো যাত্রী হেলিকপ্টারে যেতে চাইলে আগাম তাঁদের তা জানাতে হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইআরসিটিসি রেলপথে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই এই ধরণের যাত্রায় ভাল সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন সৌরভবাবু। এদিন সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যাসিস্ট্যান্ট জ্ঞানচন্দ্র প্রকাশ। আই আর সি টি সি -র ঘোষণার পরে এবার ভ্রমণপিপাসু তীর্থদর্শণার্থীরা অপার আনন্দের চাবিকাঠি হাতে পেতে চলেছেন।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক