Home » আদালতের নির্দেশে চার সপ্তাহের স্বস্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

আদালতের নির্দেশে চার সপ্তাহের স্বস্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

সময় কলকাতা ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় সড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশন(এসএসসি) সংক্রান্ত গ্রুপ ডি, গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তে হাজিরার নির্দেশের ওপর এই স্থগিতাদেশ জারি করা হয়। আপাতত চার সপ্তাহ তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে না।

আগামী ১৩ মে পর্যন্ত এসএসসি সংক্রান্ত কোনও মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব বা জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। এমনটাই জানান আইনজীবী দীপায়ন কুণ্ডু।

উল্লেখ্য, মঙ্গলবার এসএসসির গ্রুপ ডি, গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় বিকেলে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, হাজিরা এড়াতে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভরতি হতে পারবেন না পার্থ। সেই নির্দেশের পরই ডিভিশন বেঞ্চে যান পার্থর আইনজীবীরা। সেখানে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।

মামলার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে বলে জানানো হয়। বুধবার সেই মামলার শুনানিতে আরও কিছুদিন স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

About Post Author