Home » সামনে গুমটি বসানোর প্রতিবাদ, হুমকি বাড়ি মালিককে

সামনে গুমটি বসানোর প্রতিবাদ, হুমকি বাড়ি মালিককে

সময় কলকাতা ডেস্কঃ  বাড়ির সামনে গুমটি বসিয়ে প্রবেশ পথ আটকে বসেছিলেন এক ব্যবসায়ী। ফলে বাড়িতে যাতায়াতের অসুবিধা হচ্ছিল মালিক সুজাতা পাঁজার পরিবারের। তাই বাড়ির সামনে থেকে গুমটি বসানোর প্রতিবাদ করেন সুজাতাদেবী। অভিযোগ, এরপরেই বাড়ি মালিকেই পালটা হুমকি দেয় জবরদখল করে বসা অভিযুক্ত ব্যবসায়ী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার রামরাজাতলা এলাকায়। এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত আলম খানের শাস্তির দাবিতে  বিক্ষোভ বাসিন্দাদের।

হাওড়া বাঁকড়ার  বাসিন্দা আলম খান, রামরাজাতলায় রেল লাইনের ধারের বাসিন্দা সুজাতা পাঁজার বাড়িতে প্রবেশের মুখে একটি গুমটি তৈরি করে আচমকাই বসে পড়েন বলে অভিযোগ। বারবার বলা সত্ত্বেও সেই গুমটি সরিয়ে নেয় নি। ফলে সমস্যার মধ্যে পড়েছিলেন সুজাতাদেবীর পরিবার। স্থানীয় বাসিন্দারাও তাঁকে বারবার অনুরোধ করলেও আলম খান কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ। এরপর এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে সেই দোকান সরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে আলম খান তাঁর এলাকা থেকে লোকজন নিয়ে এসে গন্ডগোল করে। সুজাতা পাঁজা ও তাঁর স্বামীকে হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার কথা এলাকাবাসীদের জানানোর পর সুজাতাদেবীর সমর্থনে তাঁরা রাস্তায় নামেন। প্রবিবাদে বেশ কিছুটা সময়ের জন্য তাঁরা রাস্তা অবরোধ করেন।  অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগাছা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ।

সুজাতা পাঁজা জানান, “অনেক কষ্টে ধারদেনা করে তিনি ও তাঁর স্বামী এই জায়গাটি কিনেছেন। সেই সময় এখানে কোনো গুমটি ছিলনা । পাঁচিল দিয়ে গেটও তৈরি করেন তাঁরা। হঠাৎ করে গুমটি বসিয়ে দেয় বাঁকড়ার বাসিন্দা আলম খান। গেট ভেঙে দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করে। তাঁদেরকে হুমকিও দেয় আলম খান ও তার ভাই”।

জগাছা থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পরই তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। যাতে সমস্যা মেটে তার জন্য যথাসম্ভব তারা চেষ্টা করছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে আলম খানকে ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

About Post Author