Home » স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে গলাটিপে খুনের অভিযোগ

স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে গলাটিপে খুনের অভিযোগ

সময় কলকাতা ডেস্ক: অবৈধ সম্পর্কের জের! স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছিল স্ত্রী, পরিণতি মৃত্যু। স্ত্রীকে গলাটিপে খুন করল স্বামী। মৃতের নাম জাহানারা বিবি (৩৪)। ঘটনায় উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মিনাখা ব্লকের আটপুকুর গ্রামে চাঞ্চল্য ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কুড়ি বছর আগে আটপুকুরের বাসিন্দা আজিম আলি মোল্লার সঙ্গে ভাঙ্গড় থানা এলাকার জাহানারা বিবির সঙ্গে বিয়ে হয়।জাহানারার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অভিযুক্ত স্বামী নানান ভাবে অকথ্য ভাষায় গালাগালি, শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত। তারপর একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে জাহানারার স্বামী।অভিযোগ, প্রতিবাদ করায় শনিবার ভোর রাতে তাকে গলা টিপে খুন করে জাহানারার স্বামী। মৃত্যু নিশ্চিত করতে মুখে বালিশ চাপাও দেওয়া হয় বলে জানিয়েছে জাহানারার পরিবার।

স্থানীয় বাসিন্দারা হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে ওই বধুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই কিভাবে খুন করা হয়েছে তা স্পষ্ট হবে ।

ইতিমধ্যে মৃতের পরিবার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন হাড়োয়া থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত স্বামী পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।

About Post Author