সময় কলকাতা ডেস্ক: “বিজেপির মত সিবিআই চাই না৷ আমরা হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চাই”, বুধবার শান্তিনিকেতনে আদিবাসী নির্যাতিতার বাড়িতে এসে এমনটাই বললেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী।

শান্তিনিকেতনে নির্যাতিতার বাড়িতে এসে নির্যাতিতার বাবাকে সমস্ত রকম ভাবে সাহায্য করার আশ্বাস দেন তিনি। এছাড়াও তিনি বলেন, তাঁদের পাশে আছেন। নির্যাতিতার পরিবারকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য প্রয়োজনে হাইকোর্টেও যেতে পারেন বলে আশ্বস্ত করেন।

এদিন একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “আমরা তো দেখে আসছি মোদির সিবিআই ও দিদির সিআইডি একই৷ তৃণমূল মানেই কাটমানি, খুন, ধর্ষণ। রাজ্য এখন ধর্ষণময়। এই সরকার নিরাপত্তা দিতে পারছে না। সারা বাংলা জুড়ে বখরার ভাগ নিয়ে মারামারি শুরু হয়েছে। দলে যেমন অঞ্চল কমিটি, গ্রাম কমিটি হয়। তেমন বাংলা জুড়ে তৃণমূলের সিণ্ডিকেট কমিটি হয়েছে।” অর্থাৎ কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চাইলেন অধীররঞ্জন চৌধুরী।

পাশাপাশি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করে লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘লগ্নি এই রাজ্যে বাস্তবে হয় না৷ শিল্প হয় কাগজে-কলমে।”এদিন মমতাকে এক হাত নিয়ে তিনি বলেন, “এখানে দিদি কাগজে-কলমে বিশ্বাস করে৷ এই রাজ্যে শিল্প হয় কাগজে-কলমে। এবার দেখার আম্বানি-আদানিকে এই রাজ্যে এসে তাদের বড়লোক করবে, নাকি আমাদের উপকার হবে। এখানে ১০০ দিনের কাজ, ঘরের টাকা, সবুজায়ন, চাকরি হয় কাগজে-কলমে।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?