সময় কলকাতা ডেস্কঃ চোর সন্দেহে নিজের পরিবারের হাতেই খুন হতে হল এক প্রতিবন্ধী যুবককে! উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ইতিন্ডা পানিতার গ্রাম পঞ্চায়েতের ঘটনা।অমানবিকতার সীমা ছাড়িয়ে মানুষ কত দূর যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ বোধহয় এই ঘটনাই। এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া। মৃত যুবকের নাম সঞ্জীব মণ্ডল(২০)।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,মৃত ওই যুবক মূক ও বধির। ১৪ এপ্রিল অর্থাৎ চড়ক পূজার দিন এলাকারই এক প্রতিবেশীর বাড়িতে মোবাইল চুরি হয়।আর সেই সন্দেহের তির গিয়ে পড়ে ওই প্রতিবন্ধী যুবকের বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার দুটো পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয়।তারপর প্রতিবন্ধী যুবকের নিজের কাকা নন্দ মণ্ডল সহ পরিবারের বাকি তিন সদস্য তাঁকে বেধড়ক মারধোর শুরু করে।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ওই প্রতিবন্ধীকে প্রথমে শিবহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করে।সেখান থেকে তাঁকে আবার কলকাতা আর জি কর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় যুবকের।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযুক্তদের কঠোর শাস্তির আবেদন জানান তাঁরা।এমন অমানবিক ঘটনা প্রতিবেশীরা আগে কখনো দেখননি বলেই জানান।প্রগতিশীল সমাজে মধ্যযুগীয় বর্বরতা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ তাঁদের।ভারত ও বাংলাদেশের পানিতর সীমান্তে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি বিজড়িত গ্রামের এই ঘটনায় রীতিমতো শিউরে উঠেছে গোটা সমাজ।মঙ্গলবার মৃত ওই প্রতিবন্ধী যুবকের কাকা সহ পরিবারের তিনজন সদস্যকে বসিরহাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে।বুধবার তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী