Home » পশুর বিভিন্ন অংশ পাচার চক্রের হদিশ হুগলিতে

পশুর বিভিন্ন অংশ পাচার চক্রের হদিশ হুগলিতে

সময় কলকাতা ডেস্ক:  পশুর বিভিন্ন অংশ পাচারের বড়োসড়ো চক্রের হদিশ মিলল হুগলিতে। কেন্দ্রীয় গোয়েন্দা ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও রাজ্য বন বিভাগের যৌথ অভিযানে উদ্ধার মহামূল্যবান হাতির দাঁতের তৈরি পুতুল ও ভাস্কর্য।এই পাচারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, হুগলি রেঞ্জ এলাকার জনাই সংলগ্ন একটি বাড়িতে বিভিন্ন পশুর শরীরের অংশ নিয়ে আসা হত। সেখানেই শিল্পীদের দিয়ে তৈরি করা হত নানান ধরনের কারুকার্যের জিনিস। আর তারপর তা পাচার করে দেওয়া হতো বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বহুমূল্যবান চারটি মূর্তি উদ্ধার করে তারা।  কোথা থেকে এই হাতির দাঁত সংগ্রহ করে  দুষ্কৃতীরা এই  কারবার চালাচ্ছিল তা তদন্ত করে দেখছে বন বিভাগ। পাশাপাশি এই মূর্তিগুলি কোথায় পাচার করা  হত তাও খতিয়ে দেখছে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও রাজ্য বন বিভাগ।

এদিন, যৌথ  অভিযানে একজনকে গ্রপ্তার করলেও ওই দলে থাকা আরেক জন পালিয়ে যেতে সক্ষম হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম নারায়ন মাঝি। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে হাওড়া বিএফও অফিসে। হাওড়া ফরেস্ট অফিসে রয়েছেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর উচ্চপদস্থ আধিকারিকরাও।সূত্রের খবর, বৃহস্পতিবার ধৃত  ওই ব্যক্তি সহ মূর্তিগুলোকে শ্রীরামপুর কোর্টে  পাঠানো হবে।

About Post Author