সময় কলকাতা ডেস্ক: নৈহাটির ছায়া সোদপুরে। কিস্তির টাকা না দিতে পারায় গাড়ি নিয়ে গেল ঋণ প্রদানকারী সংস্থা। অপমানে আত্মহত্যা করল সোদপুর ঘোলার এক যুবক। ঋণ প্রদানকারী সংস্থার চাপে যুবকের এই মৃত্যু নৈহাটির ঘটনাকে মনে করিয়ে দেয়।

জানা গিয়েছে, সোদপুর ঘোলা পূর্বাঞ্চলের বাসিন্দা দেবজ্যোতি ভট্টাচার্য (২৪)। ২০১৮ সালে গতিধারা প্রকল্পের অধীনে চারচাকা গাড়ি কেনেন এক বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে।গাড়ি চালিয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল দেবজ্যোতি। কিন্তু লকডাউনে চার মাসের কিস্তি বকেয়া পড়ে যায়। এরপর ঋণ প্রদানকারী সংস্থা চাপ সৃষ্টি করতে থাকে বলে অভিযোগ গাড়ির ক্রেতা দেবজ্যোতি ভট্টাচার্যের পরিবারের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি ঠিক হওয়ার পর দেবজ্যোতির বাবা প্রতিমাসের ঋণের টাকা সংস্থায় জমা করেন। কিন্তু বকেয়া চার মাসের কিস্তির টাকা জমে যাওয়ায় দেবজ্যোতি রাস্তায় গাড়ি নিয়ে বের হতে ভয় পাচ্ছিলেন। কিন্তু ঋণ প্রদানকারী সংস্থার কর্মী বাড়িতে টাকা নিতে এসে তাকে আশ্বস্ত করেছিলেন গাড়ি নিয়ে বাইরে বের হওয়ার জন্য। সেই ঋণ প্রদানকারী সংস্থার কর্মীর কথায় ভরসা করে চলতি মাসের ১১ তারিখ দেবজ্যোতি গাড়ি নিয়ে কাজের জন্য বের হন। এরপর ঘোলা মুড়াগাছা পেট্রলপাম্পে গাড়ির তেল নেওয়ার জন্য দাঁড়ালে ঋণ প্রদানকারী সংস্থার কর্মীরা এসে তার থেকে তার গাড়ি ছিনিয়ে নেয় বলে অভিযোগ পরিবারের।

দেবজ্যোতির বাবার অভিযোগ, সেদিনের অকথ্য ভাষায় অপমানজনক কথা এবং গাড়ি নিয়ে যাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে দেবজ্যোতি। শিয়ালদহ মেইন শাখায় ৪ নম্বর রেলগেটের কাছে লাইনের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। দেবজ্যোতির বাবা ঘোলা থানায় ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে সরব ও দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে ঘোলা পূর্বাঞ্চলের দেবজ্যোতি ভট্টাচার্যের পরিবার।


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে