সময় কলকাতা ডেস্কঃ স্কুলের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বৃদ্ধি করতে এবার স্কুল সেজে উঠেছে ট্রেনের আদলে।যা দেখলে আপনারও মনে হবে যেন সত্যিই একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।ঠিক এমন ছবি ধরা পড়েছে জলপাইগুড়ি শহরের চার নম্বর ঘুমটি সংলগ্ন মেহেরুন্নেসা ইংরেজি মাধ্যমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।এই বিদ্যালয়ের ক্লাস রুমের বাইরের দিকটিকে একেবারে ট্রেনের চেহারার রুপ দেওয়া হয়েছে।মূলত শিশু মনের বিকাশ ও পড়াশোনার প্রতি তাদের আগ্রহ গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।স্কুলের ঘর গুলিকে রঙ তুলির সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে ট্রেনের কামরার আদলে।

স্কুল কর্তৃপক্ষ সুত্রে জানা গিয়েছে,জলপাইগুড়ি সদর ব্লকে এই মুহূর্তে তিনটি সরকারি ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয় রয়েছে।তার মধ্যে এই বিদ্যালয়টি অন্যতম।বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার পাশাপাশি স্মার্ট ক্লাস ও ওয়াইফাই ব্যবস্থাও রয়েছে এই স্কুলে।পাশাপাশি রয়েছে অনলাইন ক্লাসের ব্যবস্থাও।শুধু তাই নয়,স্কুলের ক্লাস ঘরের ভেতরেও নানান ছবি আঁকা হয়েছে,যা ছোটরা খুবই পছন্দ করবে বলেই বিশ্বাস স্কুলের শিক্ষক শিক্ষিকাদের।প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এখানে। এছাড়াও বিদ্যালয়ের সামনে একটি বাগান তৈরি করেছেন শিক্ষক শিক্ষিকারা।তারা নিজেরাই এই বাগান পরিচর্যা করেন।

মেহেরুন্নেসা ইংরেজি মাধ্যমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ সরকার বলেন,‘নি:খরচায় শিশুদের জন্য সরকারি এই ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়টিতে পঠন পাঠন শুরু হয় ২০১৯ সাল থেকে।তারপর করোনা অতিমারির জন্য পঠনপাঠন স্থগিত রাখা হয়।এখন করোনা একটু স্বাভাবিক পরিস্থিতিতে থাকায় স্কুল খুলেছে।আগের থেকে ছাত্রছাত্রীদের সংখ্যা একটু বেড়েছে।বর্তমানে এই স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা ১৬০ এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৪।এছাড়াও সরকারি সমস্ত সুযোগ সুবিধা যেমন বিনামুল্যে বই ও জুতো বিতরণ,মিড ডে মিল এ সবকিছুরই ব্যবস্থা আছে স্কুলে।পাশাপাশি অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের।যেমন-তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে যোগাসনের ক্লাস,মন ভালো রাখতে আবৃতির ক্লাস ইত্যাদি।এখান থেকে পাশ করে সহজেই শিশুরা অন্যান্য ইংরেজি মাধ্যমের সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে পারবে বলেই তিনি জানান।’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী