Home » বাজারের বেহাল দশা, পরিকাঠামো উন্নয়নের দাবী

বাজারের বেহাল দশা, পরিকাঠামো উন্নয়নের দাবী

সময় কলকাতা ডেস্কঃ সরকারি উদ্যোগে ব্যবসায়ীদের জন্য ঘর তৈরি হলেও তা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। ফলে তা ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলের পান্ডাপাড়া কালীবাড়ি বাজারের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে পান্ডাপাড়া কালীবাড়ি বাজার চত্বরে।

ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, আজ থেকে প্রায় ২২ বছর আগে সরকারি উদ্যোগে জলপাইগুড়ির কালীবাড়ি বাজারের ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য তিনটি বিল্ডিং করে দেওয়া হয়। অভিযোগ, নির্মীয়মাণ ওই তিনটি বিল্ডিং-এর মধ্যে একটি বিল্ডিংয়ে ব্যবসার কাজ কিছুটা শুরু করা গেলেও বাকিগুলোতে ব্যবসা শুরু করা যায়নি।বহুদিন আগে তৈরি হওয়া দোকান ঘরগুলোর জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও বাজার কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে বাজার কমিটিকে অনেকবার জানানো হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলেই অভিযোগ ব্যবসায়ীদের। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। পাশাপাশি অস্থায়ী ব্যবসায়ীদের দোকানঘর নীচু এলাকায় থাকায় সেখানে জল জমছে এমনকি প্রচুর পরিমাণে নোংরা আবর্জনাও জমে থাকছে। যে কারণে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে বলেই দাবি তাদের।

এ বিষয়ে খড়িয়া অঞ্চলের উপপ্রধান সুভাষ চন্দ জানান ,‘বাজার কমিটিকে বলার পরও এখনও তারা কাগজপত্র আমাদের কাছে জমা করেননি।কাগজপত্র পেলে সরকারি বিভিন্ন বিভাগ রয়েছে,আমরা তার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারব।’

About Post Author