সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার ঘটে যাওয়া কালবৈশাখী ঝড়ের সুযোগ নিয়ে গাছ চুরির অভিযোগ উঠল তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে।বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত আড্ডা কুতুরা গ্রামের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,শুক্রবার বীরভূমের সিউড়িতে সন্ধ্যায় কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে। শনিবার সকাল হতেই এলাকাবাসীরা লক্ষ্য করেন স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সহ বেশ কিছু মানুষ ঝড়ে ভেঙে যাওয়া গাছগুলি তুলে নিয়ে যাচ্ছেন। এমনকি যে সকল গাছ ঝড়ে ভেঙে পড়েছিল সেগুলি ছাড়াও বেশ কিছু গাছ কেটে নিয়ে যেতে লক্ষ্য করেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। বুথ সভাপতি দাবি, ঝড়ে যে গাছগুলির ডালপালা ভেঙে পড়েছিল সেই ডালপালাগুলি স্থানীয় ক্লাবে কাজে লাগানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পাশাপাশি এই ভাবে গাছ কেটে নিয়ে যাওয়া অপরাধ মূলক কাজ বলেও তিনি স্বীকার করেন।

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ী এক নম্বর ব্লকের বিডিও জানান,‘আমরা বিষয়টি শুনেছি এবং পুলিশকে খবরও দিয়েছি।পুলিশ গিয়ে ইতিমধ্যেই গাছগুলিকে বাজেয়াপ্ত করেছে।’ বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান,‘এই ভাবে গাছ কেটে নিয়ে যাওয়া অপরাধ। দলের কিছু মানুষের জন্য এইভাবে দলের বদনাম হচ্ছে।’ পাশাপাশি বিজেপির সাংগঠনিক বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা জানান,’তৃণমূলের বনদপ্তর আর দলীয় দপ্তর সবই এক। তাই তারা এই কাজ করছেন।’


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতারি শুরু, পাকড়াও দত্তপুকুরের তৃণমূল নেতা