Home » বাবা মায়ের বকুনি, আত্মঘাতী ছাত্রী

বাবা মায়ের বকুনি, আত্মঘাতী ছাত্রী

সময় কলকাতা ডেস্কঃ ঘর থেকে বছর তেরোর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্রকরে রহস্য দানা বাঁধছে ! উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের চৌরঙ্গী এলাকার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।মৃত ছাত্রীর নাম মিষ্টু ঘোষ।


পরিবার সুত্রে জানা গিয়েছে,মৃত ওই ছাত্রী সপ্তম শ্রেণিতে পড়ত।শনিবার বাড়িতে না জানিয়েই টাকি গেস্ট হাউস এলাকায় বেড়াতে গিয়েছিল সে।মেয়ের ঘুরতে যাওয়ার খবর পান বাবা-মা। মেয়ে রাতে বাড়ি ফিরলে তাকে বকাবকি শুরু করেন বাবা মা।এরপর ওই ছাত্রী প্রতিদিনের মত শনিবারও রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঢুকে যায়। রবিবার সকাল ন’টা বাজলেও সে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের।এরপর তারা ঘরের দরজা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে ওই ছাত্রী।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।স্থানীয়রা হাসনাবাদ থানায় খবর দিলে পুলিশ এসে  মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়।


ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।বাবা-মা বকাবকি করার কারণেই ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।পাশাপাশি এই ঘটনার নেপথ্যে আর কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author