Home » সিবিআই তদন্তে রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকলেই ভালো,পরোক্ষে কেন্দ্রকেই বিঁধলেন ফিরহাদ

সিবিআই তদন্তে রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকলেই ভালো,পরোক্ষে কেন্দ্রকেই বিঁধলেন ফিরহাদ

সময় কলকাতা ডেস্ক: বুধবার কেওড়াতলা মহাশ্মশানের শা নগরে আশুতোষ মুখোপাধ্যায়ের স্মরণে একটি অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের সিবিআই ডেকে পাঠানোর ব্যাপারে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি মন্তব্য করেন, সিবিআই তদন্তে  রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকলেই  ভাল।

এদিন তিনি সরকারি গণপরিবহণ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, জে এন আর ইউ এম এর অধীনে কেনা বাসগুলি দীর্ঘদিন ধরে তাদের বকেয়া কিস্তির টাকা মেটাচ্ছে না। অনেক বাস মালিক বাস বসিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে বাস মালিকদের স্বার্থে ওই বাসগুলিকে সি এন জি তে কনভার্ট করা যায় কিনা বা কিভাবে আবার ওই বাসগুলিকে রাস্তায় নামানো সম্ভব হবে সে বিষয়ে সংশ্লিষ্ট বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

অন্যদিকে, বউবাজারের দুর্গা পিতুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে মানুষের স্বার্থ রক্ষা করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । সেই নির্দেশ মেনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কমিটির রিপোর্ট নিয়ে সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বর্তমান অবস্থা প্রত্যক্ষ করার পর কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের শীর্ষ ইঞ্জিনিয়ারদের রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি কে এম আর সি এল এর বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্ত বাড়িগুলির অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করছে। শীঘ্রই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা কে এম আর সি এল-এর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কমিটির সদস্যদের নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক করা হবে বলে জানান ফিরহাদ।

পাশাপাশি তিনি বলেন, একসময় এ রাজ্যে সাইকেল প্রস্তুতকারক সংস্থাগুলির রমরমা বাজার ছিল। দেশের মধ্যে সাইকেল তৈরি ও ব্যবহারের দিক থেকে এগিয়ে ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু বাম জমানায় লাল ঝান্ডার দাপটে এ রাজ্য থেকে সাইকেল ইন্ডাস্ট্রি হাত গুটিয়ে নেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ রাজ্যে একটি স্টেবল গভর্মেন্ট উন্নয়নমুখী কাজ করে চলেছে। কাজের পরিবেশ ফিরে এসেছে। মুখ্যমন্ত্রী সাইকেল প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে কথা বলছেন। ফের সাইকেল প্রস্তুত করা ও তার ব্যবহার নিয়ে দেশের মধ্যে প্রথম সারির সুনাম অর্জন করেছে এ রাজ্য, বললেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

About Post Author