Home » হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল

হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল

সময় কলকাতা ডেস্ক : আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে কবি তীর্থ চুরুলিয়া সেজে উঠেছে। সেজে উঠেছে আসানসোল শহরের বিভিন্ন জায়গা। নাচে, গানে, কবিতায় চলছে নজরুল জন্মদিন পালন।

কবিতীর্থ চুরুলিয়া। ১২৩ বছর আগে এই চুরুলিয়ার লালমাটিতে জন্মেছিলেন আমাদের দুখুমিঞা। যখন রবি মধ্যগগনে তখনই নজরুলের আত্মপ্রকাশ। তারপর সবটাই ইতিহাস। বাংলার দুই নয়নের মনি রবীন্দ্রনাথ আর নজরুল। চুরুলিয়ার মাটিতেই কবির ভিটে আজও গর্বের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আর সেই প্রাণের কবির জন্মদিন উপলক্ষে আজ সাজো সাজো রব চুরুলিয়া সহ আসানসোলের বিভিন্ন এলাকায়।

প্রভাত ফেরির মাধ্যমে চুরুলিয়ার মাটিতে বৃহষ্পতিবার জন্মদিন পালন শুরু হয়। পাশাপাশি চুরুলিয়ার হাট তোলা মোড়ে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কবির ভ্রাতুষ্পুত্র তথা নজরুল একাদেমির সম্পাদক কাজী রেজাউল করিম, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাধন চক্রবর্তী সহ অন্যান্যরা।

কবির জন্মদিন উপলক্ষে ৪২ তম নজরুল মেলা আয়োজন করে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। পাশাপাশি গুগোল ফ্রমমে বিভিন্ন জায়গার শিল্পীরা আবেদন করেছিলেন। তার মধ্যে ৬০ জন বিশিষ্টজনদের নির্বাচিত করেছেন। এছাড়াও বিভিন্ন দেশ এবং রাজ্যে থেকেও শিল্পীরা অংশগ্রহণ করেছেন বর্ষপূর্তি অনুষ্ঠানে। তবে কাজী নজরুল মেলা সাত দিনের জায়গায় এই বছরে তিনদিনের করা হয়েছে।

অপরদিকে চুরুলিয়ার পাশাপাশি আসানসোল পুরনিগমের পক্ষ থেকে আশ্রম মোড়ে নজরুলের মূর্তিতে মাল্যদান করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক সহ কাজি পরিবারের মেয়ে তথা নজরুল একাডেমির সাংস্কৃতিক সম্পাদক সোনালি কাজি ও পুর আধিকারিকরা। কাজী সাহেবকে নিয়ে তাঁর জন্মদিনে সকলের জন্য বার্তা দিলেন নজরুলের নাতনি সোনালি কাজী।

About Post Author